সৌদিতে কর্মী পাঠাতে অতিরিক্ত টাকা, তিন প্রতিষ্ঠানের সনদ বাতিল
সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ায় জনশক্তি রপ্তানিকারক তিনটি প্রতিষ্ঠানের ব্যবসা করার সনদ বাতিল করেছে সরকার। আজ রোববার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ সিদ্ধান্ত নিয়েছে।
বিএমইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যারিয়ট ইন্টারন্যাশনাল (আরএল-৪৩৩), রাকিব এয়ার ইন্টারন্যাশনাল (আরএল ৮৬৫) ও মেসার্স শাহীন ম্যানপাওয়ার প্রমোশনের (৭১৯) সনদ বাতিল করা হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধও জানিয়েছে বিএমইটি।
বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, সৌদি আরবে বাংলাদেশি পুরুষ কর্মী পাঠানোর জন্য সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও যদি কারও বিরুদ্ধে অতিরিক্ত টাকা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সৌদি আরবে যেতে ইচ্ছুক কর্মীদের প্রতিও সরকারের নির্ধারিত অর্থের বেশি না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
সৌদি আরবে কর্মী পাঠানো নিয়ে চলতি বছরের ১৭ অক্টোবর প্রথম আলোয় ‘খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখ টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে মধ্যস্বত্বভোগীদের কারণে কর্মীদের কাছ থেকে কীভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সেটি তুলে ধরা হয়। সৌদি আরবগামী কর্মীরা বলছেন, সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিলেও এখনো অনেক ব্যবসায়ী পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন।