সৌদিতে দগ্ধ বাকি তিনজনের লাশ আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে নিহত বাকি তিন বাংলাদেশির লাশ আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় আসবে। এরপর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার মোহাম্মদ গাফফার, নাজির ওরফে মিজান ও মোহাম্মদ বাহাউদ্দিনের লাশ ঢাকায় পৌঁছাবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার আজ সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, তিনজনের বাড়িই কুমিল্লায়। তাঁদের স্বজনেরা ঢাকায় আসবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেখানে নিহত ব্যক্তিদের প্রত্যেককে দাফন খরচের জন্য ৩৫ হাজার করে টাকা দেওয়া হবে।

গত ১২ মে সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় অবস্থিত ‘তিতাস ফার্নিচার’ নামের একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হন। ছয়জনের লাশ গত শুক্রবার ঢাকায় পৌঁছায়। জাহিদ আনোয়ার জানান, নয়টি লাশ দেশে আনতে কল্যাণ বোর্ডের সাত লাখ ১৮ হাজার টাকা খরচ হচ্ছে। এ ছাড়া আগুনে আহত হান্নান, মাসুদ ও দুলালকে এক হাজার সৌদি রিয়াল করে সহায়তা দেওয়া হয়েছে।