সৌদিতে নারী গৃহকর্মীর সঙ্গে পুরুষ আত্মীয় যেতে পারবেন
বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রত্যেক নারী গৃহকর্মীর সঙ্গে একজন নিকটাত্মীয় পুরুষ কর্মী যেতে পারবেন। ওই পুরুষ কর্মীরা ‘ডোমেস্টিক সার্ভিস’-এর আওতায় মালি, গাড়িচালকসহ ১১ ধরনের কাজ করার সুযোগ পাবেন। নারীরা শুধু গৃহস্থালি কাজের সুযোগ পাবেন।
রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ ভবনে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, কবে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা শিগগির দুই দেশের ‘জয়েন্ট ওয়ার্কিং কমিটি’র সভায় ঠিক হবে। তবে এটা দ্রুতই হবে। নারী গৃহকর্মী ও তাঁর পুরুষ নিকটাত্মীয় কর্মী বিনা খরচে যেতে পারবেন। তিনি বলেন, নারীদের নিকটাত্মীয় ছাড়াও অন্যান্য পুরুষ কর্মী সৌদি আরবে যেতে পারবেন।
সৌদি আরব সফর শেষে দেশে ফিরে মন্ত্রী এই সংবাদ সম্মেলন করলেন। সফরকালে তিনি সৌদি আরবের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, দেশটি বাংলাদেশ থেকে দুই লাখ নারী কর্মী নিতে চায়।
বাংলাদেশ থেকে নারী কর্মী নিতে কয়েক মাস আগে সৌদি আরব চুক্তি করে। কিন্তু দেশটিতে তুলনামূলকভাবে কম নারী কর্মী যাচ্ছেন। নির্যাতনসহ নানা অভিযোগের কারণে বাংলাদেশ থেকে নারী কর্মীরা সেখানে কম যাচ্ছেন বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, কুড়িগ্রামে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে আগামী সেশনে শুধু বিলুপ্ত ছিটমহলের ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের জর্ডানে পাঠানো হবে। বিলুপ্ত ছিটমহলের ১০০ জনকে এ বছর বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ৩০ শতাংশ বেশি বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন কর্মী বিদেশে গেছেন।