সৌদিতে নিহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আল লিথ শহরের কাছে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত চারজন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। 

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের গোপীনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইয়াসিন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শান্তিনগর গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল হালিম, কুমিল্লার নাঙ্গলকোটের বানিয়ারচর গ্রামের হাবিবউল্লাহর ছেলে আমানউল্লাহ ও চাঁদপুরের ফরিদগঞ্জের ঘোড়াশালা গ্রামের আবদুল খালেকের ছেলে শেখ হারুন।

ওই দুর্ঘটনায় ফরিদপুরের সদর উপজেলার রুস্তম কাজীর ছেলে কাজী মোহাম্মদ শাহজাহান আহত হয়েছেন।

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোকাম্মেল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল রোববার একটি গাড়ি ভাড়া করে পাঁচজন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি জেদ্দা থেকে কুনফুদা যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন একজন সৌদি চালক। স্থানীয় সময় বিকেল পাঁঁচটার দিকে আল লিথ শহরের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় চালকসহ তিনজন বাংলাদেশি হারুন, হালিম ও আমান ঘটনাস্থলে মারা যান। তাঁদের লাশ মক্কার কিং ফয়সাল হাসপাতালে রাখা হয়েছে।

আহত অপর দুই বাংলাদেশি ইয়াসিন ও শাহজাহানকে হেলিকপ্টারে করে কিং আবদুল আজিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইয়াসিন মারা যান। শাহজাহান চিকিত্সাধীন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।