সৌদিতে বৈধ হতে সময় বাড়ল আরও দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার জন্য কাগজপত্র তৈরি করতে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ২ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল শুক্রবার আরব নিউজ-এর এক খবরে এ তথ্য জানানো হয়।
খবরে আরও বলা হয়, এর আগে দেশটিতে বসবাসরত হাজারো বিদেশি শ্রমিককে বৈধ হওয়ার জন্য গত ৩ নভেম্বর পর্যন্ত সাত মাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যেও যাঁরা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেননি, তাঁদের জন্যই নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে ওই পত্রিকা জানায়, আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের কাগজপত্র সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ।
নানা জটিলতার কারণে যাঁরা পূর্বঘোষিত সময়সীমার মধ্যে ভিসার স্ট্যাটাস বৈধ করার প্রক্রিয়া শেষ করতে পারেননি বা যাঁদের কাজ মাঝপথে আটকে গিয়েছিল, তাঁদের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর এ আদেশ স্বস্তি এনেছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, অবৈধ অভিবাসীরা ধরা পড়লে দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের বরাত দিয়ে খবরে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশের অন্তত সাত লাখ শ্রমিক এর আগে সাত মাসের ওই সাধারণ ক্ষমার আওতায় আসেন।