সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। রাজধানী রিয়াদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান আজ শুক্রবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার মোহাম্মদ জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৭) ও কিশোরগঞ্জের রনি (২৫)।
আহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের কামাল, কুমিল্লার জিয়াউর রহমান ও মোতালেব এবং ময়মনসিংহের আব্বাস হোসাইন ।
মিজানুর রহমান আজ প্রথম আলোকে জানান, বুধবার রাতে কাজ শেষে করে পরদিন সকালে এই বাংলাদেশিরা একটি পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন বাংলাদেশি চালক কামাল। মোট সাতজন গাড়িটিতে ছিলেন। বাংলাদেশি চালক অন্য একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ধুরমা হাসপাতালের মর্গে রাখা আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।