সৌদিতে হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে পবিত্র হজ পালন করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব
ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁদের মধ্যে চারজন নারী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

মো. আবদুল মোতালিব ও মো. খায়বার হোসেন
ছবি: হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল

হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে, ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।

আর ৩ জুলাই মো. খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তাঁর পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।

আরও পড়ুন