সৌদিতে ৩ জুলাই পর্যন্ত আকামা বদল করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা আগামী ৩ জুলাই পর্যন্ত আকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনের সুযোগ পাবেন।গতকাল রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়, বর্তমান সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি সরকার সে দেশে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশিদেরও আকামা পরিবর্তন ও বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আকামা পরিবর্তন, অবৈধ কর্মীদের বৈধতাপ্রাপ্তির ক্ষেত্রে যাঁদের আকামার মেয়াদ ৬ এপ্রিলের আগে শেষ হয়েছে, তাঁরা কোনোরকম শাস্তি ও জরিমানা ছাড়া আগের নিয়োগকর্তার (কফিল) কাছে ফেরত যেতে পারবেন অথবা নতুন নিয়োগকর্তার কাছে যেতে পারবেন। যাঁরা তাঁদের কফিলের কাছ থেকে পালিয়ে গেছেন, তাঁরা সমঝোতার মাধ্যমে আগের কফিলের কাছে ফিরে যেতে পারবেন। গৃহকর্মীরা অভিবাসন বিভাগ এবং কোম্পানির কর্মীরা শ্রম দপ্তরের মাধ্যমে বদলি হতে পারবেন। যাঁদের কফিল নেই, তাঁরাও একই পদ্ধতি অনুসরণ করে নতুন কফিলের কাছে কাজ নিয়ে নিয়মিত হতে পারবেন বা এক্সিট ভিসা নিয়ে দেশে ফিরতে পারবেন। পুরোনো পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু এবং আউটপাস দেওয়ার জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিশেষ কার্যক্রম নিয়েছে।