সৌদিপ্রবাসী আবুলের লাশ ৪০ দিনেও আসেনি
সৌদি আরবে ৪০ দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহীর বাগমারা উপজেলার নাগপাড়া গ্রামের যুবক আবুল হোসেনের লাশ এখনো দেশে পৌঁছেনি। পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন তিন বছর আগে সৌদি আরবে যান। তিনি ওই দেশের তুরাগ আল-জাজিরা কোম্পানিতে চালক হিসেবে চাকরি করেন। গত বছরের ২০ ডিসেম্বর সৌদি আরবের আল কাসিম জেলার ‘বুবাদিয়া’ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই দিন কোম্পানির বাংলাদেশের এক কর্মকর্তা সোহেল রানা তাঁর স্ত্রী জিন্নাতুননেসার মুঠোফোনে দুর্ঘটনার খবর এবং দেশে লাশ পাঠানো হবে বলে জানান। আবুল হোসেনের ভাই আফজাল হোসেন জানান, এক মাস ধরে তাঁর পরিবারে কান্নাকাটি চলছে। কেউ ঠিকমতো খাওয়াদাওয়াও করছেন না। কবে লাশ দেশে আসবে—এ আশায় আছেন তাঁরা। কবে কীভাবে লাশ দেশে আসবে, সে ব্যাপারে তাঁরা কোনো খবরই পাননি। ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে গিয়েও কোনো কিছুই জানতে পারছেন না। লাশ ফেরত চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।মুঠোফোনে সৌদি কোম্পানির কর্মকর্তা সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লাশটি হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। লাশ কবে দেশে পাঠানো হবে তা বলতে পারছি না।’ বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘এ ব্যাপারে ১৯ জানুয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।’