সৌন্দর্য রক্ষার দাবি নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বধ্যভূমি এলাকায় দিঘি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরিশালের নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতারা। নগরের অন্যতম বিনোদনকেন্দ্র এবং বধ্যভূমি এলাকার সৌন্দর্য বিনষ্ট করে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিলেরও আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, খেলাঘর বরিশাল জেলা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটক, শব্দাবলী গ্রুপ থিয়েটার, বরিশাল নদী-খাল রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা এবং খাল-নদী-জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ হবে এমন প্রতিবেদন দেখে আমরা হতবাক হয়েছি। এর প্রতিবাদে জনমত সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি চলছে।’ গতকাল ‘দিঘি ভরাট করে খাদ্যগুদাম!’ শিরোনামে প্রথম আলোর মহানগর পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।