সৌন্দর্য হারাচ্ছে সুরমার তীর
সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে দৃষ্টিনন্দন সুরমা নদীর তীর সৌন্দর্য হারাচ্ছে। এতে করে সিলেটে পর্যটকদের আকর্ষণের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এ এলাকাটি ধীরে ধীরে পর্যটকশূন্য হয়ে পড়ছে। নগরবাসীর দাবি, দ্রুত সংস্কার করে সুরমার তীরের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।জানা গেছে, গত জোট সরকারের আমলে টাকা ব্যয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সুরমা নদীর তীর সংস্কার করেছিল। এ সময় ক্বিনব্রিজ এলাকার উত্তর ও দক্ষিণ—দুদিকেই স্টিলনির্মিত বেষ্টনী, বর্ণিল ল্যাম্পপোস্ট এবং ফোয়ারা বসানো হয়েছিল। নির্মাণকাজ শেষে এটির দেখভাল করার জন্য সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বছর খানেক সবকিছু ঠিকমতো চললেও এর পর থেকে সিটি করপোরেশন নদীর তীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়।সম্প্রতি পরপর তিন দিন সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, নদীর তীরে মাত্র চারটি ল্যাম্পপোস্ট জ্বলছে। বাকিগুলো হয়তো অকেজো নতুবা ল্যাম্পপোস্টের লোহাসহ ভাল্ব পর্যন্ত উধাও। তীরের যত্রতত্র প্রস্রাব-পায়খানা করায় সেখানে দুর্গন্ধে সামান্য সময়ও টেকা দায় হয়ে পড়েছে পর্যটকদের জন্য। এ ছাড়া স্থানে স্থানে জটলা বেঁধে তরুণদের গাঁজা খেতেও দেখা গেছে।বিলপাড় এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যার পর অবসর পেলেই পরিবারের সদস্যদের নিয়ে সুরমা নদীর তীরে গিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার আনন্দ খুঁজে পেতাম। কিন্তু এক বছর ধরে দেখভালের অভাবে ওই স্থানটি ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ওঠার পাশাপাশি দুর্গন্ধময় হয়ে উঠছে। দু-একটি ছাড়া প্রায় সব ল্যাম্পপোস্ট অকেজো, ফোয়ারা নষ্ট ও বেষ্টনী ভাঙা। এ ছাড়া চোর, ছিনতাইকারী, মাদকসেবী, টোকাই আর ভাসমান পতিতাদের উপদ্রবও রয়েছে।’কাজিরবাজার এলাকার বাসিন্দা গৃহিণী রত্না আক্তার বলেন, ‘নদীর দুই তীরে সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক গাছ লাগানো হয়েছিল। কিন্তু পরিচর্যার অভাবে অনেক গাছ মরে গেছে এবং বাকিগুলো শীর্ণকায় অবস্থায় রয়েছে।’ নদীর তীরে বেড়াতে আসা হিরণ মিয়া নামের এক স্কুলশিক্ষক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘তীর ঘেঁষে চটপটি, ফুসকা, চা, পান আর বিভিন্ন দোকানের কারণে ঠিকমতো হাঁটাচলা করা যায় না। এখানে আসি একটু শান্তি পাওয়ার জন্য; কিন্তু সেটাও তো হচ্ছে না।’সওজের নির্বাহী প্রকৌশলী জানান, সওজ নদীর তীরের সৌন্দর্যবর্ধনের কাজ করেছে; রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব সিটি করপোরেশন কর্তৃপক্ষের।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশনে লোকবলের সংকট রয়েছে। এর পরও যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি হলে নদীর তীরের সৌন্দর্য রক্ষা করা সম্ভব।