সৌন্দর্যবর্ধনের অজুহাত দেখিয়ে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল থানার সামনের শত বছরের পুরোনো পুকুরটিতে খননযন্ত্র দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় তোলা ছবি, প্রথম আলো
পটুয়াখালীর বাউফল থানার সামনের শত বছরের পুরোনো পুকুরটিতে খননযন্ত্র দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় তোলা ছবি, প্রথম আলো

সৌন্দর্যবর্ধনের অজুহাত দেখিয়ে পটুয়াখালীর বাউফল থানার সামনের শত বছরের পুরোনো সরকারি পুকুরটি ভরাট করা হচ্ছে। কেটে ফেলা হচ্ছে পুকুরপাড়ের দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। কমপক্ষে ৫০টি গাছ কাটা হবে বলে শ্রমিকেরা জানান।

দৃষ্টি আকর্ষণ করা হলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, পুকুরের পাড় পর্যন্ত বহুতল ভবন নির্মিত হচ্ছে। এর পাশে পুকুর থাকলে ভালো দেখাবে না। এ কারণে পুকুরটি ভরাট করা হচ্ছে।

এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান বলেন, পরিবেশ আইন ২০১০ ও জলাশয় আইন ২০০০ অনুযায়ী পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের
সহকারী অধ্যাপক আহম্মেদ পারভেজ বলেন, পুকুর ভরাট করা হলে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না।