বগুড়া শহরের সৌন্দর্যবর্ধনের নামে বনানী-মাটিডালি সড়কের ২০টি গাছ কেটে ফেলার প্রতিবাদে গতকাল শনিবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। পৌর কর্তৃপক্ষের নির্দেশে গত শুক্রবার রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে জানা গেছে। বগুড়া সদর থানা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার কর্মচারী আজাহারের নেতৃত্বে প্রায় ৩৫ জন শ্রমিক সদর থানার সামনে কবি নজরুল ইসলাম সড়কের মাঝে থাকা গাছগুলো কাটা শুরু করেন। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ আসতে আসতে ২০টি ছোট গাছ কাটা হয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, শ্রমিকেরা জানিয়েছেন, পৌরসভা এসব গাছ কাটতে বলেছে। তাঁরা একটি কাগজ দেখিয়েছেন, তাতে কোথাও গাছ কাটার কথা লেখা নেই। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘শহরের সৌন্দর্যবর্ধনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এসব গাছ কেটে ফেলা হচ্ছে। এসব তো আর মেহগনি বা সেগুনগাছ নয়। যেগুলো বড় গাছ সেগুলো বৃক্ষ এবং এগুলোকে গাছ বলে। এগুলো কাটলে কিছু হবে না।’ গাছ কাটার কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আগেই পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠিতে গাছ কাটার বিষয়ে কিছু উল্লেখ নেই কেন, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘ওটাই গাছ কাটার চিঠি ধরে নিতে পারেন।’ এদিকে সচেতন বগুড়াবাসী এই গাছ কাটার প্রতিবাদ জানিয়ে গতকাল দুপুর ১২টায় থানার সামনে মানববন্ধন পালন করেছেন। এতে শহরের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ অংশ নেন।