
চার বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামের পর্যটনকেন্দ্র পতেঙ্গায় ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছিল। সংস্কারের অভাবে সেই পতেঙ্গাই এখন বিবর্ণ। রাস্তায় যানজট, রাস্তার দুই পাশে আবর্জনার স্তূপ। নাকে রুমাল দিয়ে সবাইকে চলতে হয়।
উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ও ৪১ নম্বর ওয়ার্ড। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীবেষ্টিত পতেঙ্গা। এ কারণে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয় ব্যক্তিরা জানান, সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা সৈকতে যেতে পদে পদে বিড়ম্বনায় পড়তে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি পর্যটকদের। দুটি কনটেইনার ডিপো করা হয়েছে রাস্তার পাশে। এর ফলে সেখানে সব সময় ট্রাক ও লরির জট লেগে থাকে। যেন অঘোষিত টার্মিনাল এই এলাকা।
৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আইয়ুব আলী বলেন, ‘শহরের মধ্যে একটি গ্রাম যেন আমাদের পতেঙ্গা। এখানে নাগরিক সুবিধা খুবই কম।’
৪০ নম্বর ওয়ার্ডের আবদুল হালিম বলেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সৈকত সড়কটির ব্যাপক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছিল। এরপর আর কোনো সংস্কার না হওয়ায় বিভাজক সড়কের বেষ্টনী এখন খসে খসে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, পতেঙ্গা সৈকত সড়কে দুটি কনটেইনার ডিপোর ট্রাক ও লরিই এলাকাবাসী ও পর্যটকদের দুর্ভোগের কারণ। ভারী যানবাহন চলাচলে সড়কের বিভিন্ন জায়গায় ঢিবির মতো উঁচু-নিচু হয়ে গেছে। ঝরে পড়ছে সড়ক বিভাজকের বেষ্টনী। ময়লা রাখার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় রাস্তার দুই দিকে জমেছে আবর্জনার স্তূপ।
এ পরিস্থিতির জন্য দুই কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করেছেন পতেঙ্গা কাটগড় এলাকার বাসিন্দা আবু বকর। তিনি বলেন, নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় ডিপোর ময়লা-আবর্জনা রাস্তায় ফেলা হচ্ছে।
গতকাল দুপুর ১২টার দিকে স্টিলমিল বাজার থেকে সৈকতের দিকে যেতে চরপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সাড়ি সাড়ি ট্রাক ও লরি দেখা গেছে। এসব গাড়ির কারণে সরু হয়ে গেছে রাস্তা। ফলে থেমে থেমে চলেছে গাড়ি। সড়কের কাটগড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের কারণে সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত এই সড়কে প্রচণ্ড যানজট লেগে থাকে। তা ছাড়া স্টিলমিল বাজার এলাকায় কাঁচাবাজার বসার কারণে রাস্তায় গাড়ি চলতে পারে না। সন্ধ্যায়ও পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।
জানতে চাইলে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘আমরা এলাকার মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। কিন্তু সমুদ্রসৈকতে যাওয়ার প্রধান সড়কটি কনটেইনার ডিপোর গাড়ির দখলে চলে গেছে। এ ব্যাপারে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অনেক যোগাযোগ করেছি। পুলিশ চাইলে এক ঘণ্টার মধ্যে রাস্তা থেকে গাড়ি সরিয়ে দিতে পারে।’
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সিমেন্ট ক্রসিং থেকে সমুদ্রসৈকত ও বিমানবন্দরে যাওয়ার সড়ক থেকে আমরা একাধিকবার ট্রাক-লরি সরিয়ে দিয়েছিলাম। আবার যদি সড়কের ওপর গাড়ি রাখা হয়, আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’
নতুন মেয়রের কাছে পতেঙ্গাকে সত্যিকার পর্যটন এলাকা ও ময়লা-আবর্জনামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দাবি পতেঙ্গার বাসিন্দাদের।