সৌভাগ্যের অধিকারী হবেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা জাহানের প্রতিপালকের মেহমান হয়ে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফায় হাজির হয়ে হজযাত্রীরা বলবেন, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ পবিত্র কাবা শরিফ দেখার পরম সৌভাগ্যের অধিকারী হতে যাচ্ছি আমরা।

হজ ক্যাম্প ও বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানের বোয়িং ৭৭৭ বিজি ০৩৫ (বিমানের নাম রাঙা প্রভাত) বিমান উড়াল দিল জেদ্দার পথে। যেহেতু মক্কায় যাব, তাই বিমানে ওঠার আগে হজ ক্যাম্পেই ইহরামের কাপড় পরে নিলাম। কারণ, জেদ্দা পৌঁছানোর আগেই ‘মিকাত’ বা ইহরাম বাঁধতে হবে। বিমানে যদিও ইহরাম বাঁধার কথা বলা হয়, কিন্তু ওই সময় অনেকে ঘুমিয়ে থাকেন, আর বিমানে পোশাক পরিবর্তন করাটাও দৃষ্টিকটু।

বিমানের প্রতিটি আসনের সামনে একটি করে স্ক্রিন, যাতে এয়ারফোনের মাধ্যমে কোরআন শরিফ (তিলাওয়াত) শোনা যায়। পাশে বসা গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ আসলাম ও তাঁর স্ত্রী হজে আসা উপলক্ষে নানা অভিজ্ঞতা এবং হজযাত্রী হিসেবে অনুভূতির কথা বললেন।

কমবেশি সাত ঘণ্টা পর জেদ্দা বিমানবন্দরে গিয়ে নামলাম। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। আমাদের নিয়ে যাওয়া হলো হজ টার্মিনালে। বিশাল টার্মিনাল, চারদিক খোলা। হজ টার্মিনাল শুধু হজযাত্রীদের জন্য ব্যবহৃত হয়। তাঁবুর আদলে করা ছাদ। এই হজ টার্মিনালের স্থপতি কিন্তু বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের স্থপতি ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে পরিচিত। গর্বে বুকটা ভরে গেল।

বিশাল হলঘরে বসার ব্যবস্থা। পরিচ্ছন্নতাকর্মী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের লোকজন। একদল সৌদি স্বেচ্ছাসেবক নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কাগজপত্র ঠিক আছে কি না দেখছেন। কোনো ত্রুটি থাকলে তা ঠিক করতে সহায়তা করছেন। এই হলঘরের পাশেই ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন পুলিশ হজ ভিসা দেখে ছবি ও আঙুলের ছাপ নিল। পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল দিয়ে দিল। ইতিমধ্যে বেল্টে মালামাল চলে এসেছে। তারপর গেলাম মোয়াল্লেমের কাউন্টারে (সৌদি আরবে বিমানবন্দরে নামার পর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে হাজিদের মক্কা-মদিনায় পৌঁছানো, মক্কা-মদিনায় আবাসন, থাকা, খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা যাঁরা করেন, তাঁদের বলা হয় মোয়াল্লেম। সৌদি আরবের নাগরিকেরাই হতে পারেন মোয়াল্লেম। তাঁদের নির্দিষ্ট নম্বর আছে)। মোয়াল্লেমরা দেখে নিলেন, কার অধীন কোন কোন হাজি সৌদি আরবে এসে পৌঁছেছেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাল–সবুজ পতাকা অনুসরণ করে হজ টার্মিনালের ‘বাংলাদেশ প্লাজায়’ পৌঁছালাম আমরা। বাংলাদেশ হজ কার্যালয়ে কর্মরত সবাই বাংলাদেশি। তথ্যসেবা, চিকিৎসা সহায়তার পাশাপাশি পাসপোর্ট বা হজযাত্রী নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে প্রশাসনিক দলের সদস্যরা তা সমাধান করেন।

এবার সৌদি আরবেও বায়োমেট্রিকস পদ্ধতিতে আঙুলের ছাপ ও পাসপোর্ট ভিসা দেখে নিয়ে সিম বিক্রি করা হচ্ছে। কিছু হজযাত্রী মোবাইল সিম কিনে দেশে প্রিয়জনদের কাছে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লেন।

স্বেচ্ছাসেবকেরা হজযাত্রীদের বাসে উঠতে সহায়তা করছেন। ভারী মালামাল বাসের ছাদে স্বয়ংক্রিয় ক্রেনে তোলা হলো।

৪৫ জন করে হজযাত্রী একেকটি বাসে করে মক্কায় মোয়াল্লেমের কার্যালয়ে আসেন। মোয়াল্লেম কার্যালয়ের আনুষ্ঠানিকতা সেরে নিজ নিজ বাসায় নামিয়ে দেয় বাস। অনেক সময় ৪৫ জন পূরণ করার জন্য একাধিক মোয়াল্লেমের আওতার হজযাত্রী একটি বাসে ওঠানো হয়। ফলে অনেক সময় এক হাজির মালামাল অন্য হাজির বাসায় চলে যায়। পরে ওই মাল হজ কার্যালয়ের লাগেজ কাউন্টারে জমা দেওয়া হয়। আবার ভুলটা বিমান ও সৌদি এয়ারলাইনসও করে। ২০১৩ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীরা একই রঙের ব্যাগ ব্যবহার করছেন। বাংলাদেশ শব্দটি লেখা ও পতাকা থাকায় অন্য দেশে বা অন্য কোথাও গেলে তা বাংলাদেশ হজ কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।