সৌমিত্রের মুক্তিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সৌমিত্র কুমার দাসসহ ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস আন্দোলনে গ্রেপ্তার নেতাদের মুক্তি ও শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুর রহমান, গার্মেন্টস শ্রমিক নারায়ণগঞ্জ জেলার সভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হুমায়ুন কবীর, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আব্দুল হাই শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে হাফিজুর রহমান বলেন, আশুলিয়ার শ্রমিকেরা বর্তমান বাজারদরের বিবেচনায় ন্যূনতম মজুরি ন্যায়সংগতভাবেই ১৫ হাজার টাকা নির্ধারণের দাবি করেছেন। কিন্তু মালিক-কর্তৃপক্ষ কোনো রকম আলোচনায় না গিয়ে বেআইনিভাবে ৫৯টি কারখানা বন্ধ করে দেয়। পাশাপাশি গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শাখার সভাপতি সৌমিত্র কুমার দাস, সাধারণ সম্পাদক আহমেদ জীবন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা রফিকুল ইসলাম সুজনসহ ২৭ জন নেতাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।
হাফিজুর রহমান আরও বলেন, দমন-পীড়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অবিলম্বে সৌমিত্র কুমার দাসসহ সব নেতাকে মুক্তি দিতে হবে। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।