সৌমেন ও রেল কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইবে দুদক
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্ত, এপিএস (অপসারিত) ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, নিরাপত্তা বিভাগের কমান্ড্যান্ট এনামুল হক এবং তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মন্ত্রীর এপিএস, দুজন কর্মকর্তা ও জিএমের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তারা সন্তুষ্ট না হওয়ায় এবার অভিযুক্ত ব্যক্তি এবং তাঁদের স্ত্রীদের সম্পদ বিবরণী জমা দিতে বলা হবে।দুদকের অনুসন্ধান বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। তাই তাঁদের স্ত্রীদেরও সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ৯ এপ্রিল মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিপুল অঙ্কের টাকাসহ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসসহ তিনজন ধরা পড়েন। তাঁরা ওই রাতে রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন।আরও তিনজনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত: ঢাকার সাভার সার্কেলের সাবেক শুল্ক ও ভ্যাট সুপার মোফাজ্জল হোসেন, তাঁর স্ত্রী আফরোজা বেগম ও বগুড়া বিআরডিসির এমইএস অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গতকাল দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দুদক সূত্র জানায়, সাবেক শুল্ক কর্মকর্তা মোফাজ্জল হোসেন দম্পতির কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া এসব তথ্য যাচাই করতে স্ত্রীসহ তাঁর সম্পদের হিসাব চাওয়া হবে। দুদকের উপপরিচালক হারুনুর রশিদ তাঁদের আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করে নোটিশ জারির সুপারিশ করেন। অন্যদিকে বিআরডিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার আয়বহির্ভূত সম্পদের বিষয়ে অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম।রাজউকের চেয়ারম্যানের সঙ্গে বিশেষ সভা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যাবতীয় দুর্নীতির তদন্তকাজের অংশ হিসেবে কাল বুধবার রাজউকের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভা করবে দুদক। বেলা আড়াইটায় রাজউক ভবনে এ সভা হবে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমান বলেন, দেশের বেশ কয়েকটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা রয়েছে দুদকের হাতে। ওই তালিকায় রাজউকের নামও রয়েছে। রাজউকের দুর্নীতি প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করা হয়েছে। সে বিষয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়েছে।