সৌমেনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে নির্দোষ ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উত্থাপিত অভিযোগের প্রমাণ না পেয়ে সৌমেনসংক্রান্ত অনুসন্ধান ‘নথিভুক্ত’ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গতকাল রোববার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিটিআরসির ‘আইসিএক্স’ লাইসেন্সের পাঁচ কোটি টাকা ফির উৎস নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে সৌমেনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তাঁর প্রতিষ্ঠান সেনগুপ্ত টেলিকমের শেয়ারহোল্ডারদের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। সৌমেনের বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পালন করেছেন দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামান। দুদকের চেয়ারম্যান বলেন, অনুসন্ধানে দেখা গেছে, সেনগুপ্ত টেলিকমের অংশীদার যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং দি নিউ জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত কুমার দত্ত সেনগুপ্ত টেলিকমের মূল অর্থের জোগানদার। ওই প্রতিষ্ঠানে একেকজনের ৬০ হাজার টাকা করে পুঁজি। আর দুই কোটি টাকার প্রাথমিক মূলধন দিয়েছেন সঞ্জিত কুমার দত্ত। তাঁর প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিয়ে বিটিআরসির লাইসেন্স কেনা হয়েছে। সেনগুপ্ত টেলিকমে সৌমেন সেনগুপ্ত, মকতুবুর রহমান ও মোহাম্মদ মাকসুদুর রহমান কারিগরি অংশীদার। শাহেদ হাসান এর অন্যতম অর্থ লগ্নিকারী।সম্প্রতি আইসিএক্স লাইসেন্স নেওয়ার পর সুরঞ্জিতের ছেলে সৌমেনের এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। ১৬ এপ্রিল এক অনির্ধারিত বৈঠকে বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর কয়েক দিন আগে সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক ও রেলওয়ের দুজন কর্মকর্তার গাড়িতে বিপুল অঙ্কের টাকা পাওয়া যায়।