সৌর বিদ্যুৎ পেল ৮৬টি প্রতিষ্ঠান
রাজশাহী নগরের ৮৬টি প্রতিষ্ঠানে এখন থেকে জ্বলবে সৌর বিদ্যুতের (সোলার প্যানেল) আলো। বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এসব সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
গতকাল বুধবার রাজশাহী কলেজে বাতি জ্বালিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানান, ৩৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী নগরের ৮৬টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হয়েছে। এর মধ্যে ৪২টি স্কুল ও কলেজ, তিনটি নৈশ বিদ্যালয়, আটটি পাঠাগার, মহানগরের চারটি থানা, ছয়টি কবরস্থান, একটি শ্মশান ও ২৩টি মসজিদ রয়েছে।
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, লোডশেডিংয়ের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকে। তাদের সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকায় অনেক ক্ষেত্রে রাতে কবরস্থানে লাশ দাফন করা যায় না। মরদেহের সৎকার করা যায় না শ্মশানে। এসব ভাবনা থেকেই সরকার গ্রামীণ অবকাঠামোর আওতায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে।
রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি পূর্ব) এ কে এম নাহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিভাগীয় উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান।