সৌরচালিত আলোক ফাঁদ উদ্ভাবন
গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী সৌরচালিত আলোক ফাঁদ উদ্ভাবন করেছেন। প্রচলিত পদ্ধতিতে হারিকেন, হ্যাজাক লাইট অথবা বৈদ্যুতিক বাতি স্থাপন করে আলোক ফাঁদ তৈরি করা হয়। কিন্তু এটি সৌরচালিত হওয়ায় সূর্যের আলোর অনুপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলেন, উদ্ভাবিত যন্ত্রটি মাঠে একবার স্থাপন করলে এটি স্বয়ংক্রিয়ভাবে সূর্যের আলোর অনুপস্থিতিতে জ্বলবে এবং সূর্যের আলোর উপস্থিতিতে নিভে যাবে। প্রযুক্তিটি একটি সৌর প্যানেল, একটি ব্যাটারি, একটি কন্ট্রোলার, একটি বৈদ্যুতিক বাতি, কেরোসিন মিশ্রিত পানির পাত্র ও একটি স্ট্যান্ডের সমন্বয়ে তৈরি, যার আনুমানিক মূল্য দেড় হাজার থেকে দুই হাজার টাকা। এ যন্ত্রে ব্যাটারি ও বৈদ্যুতিক বাল্বের জীবনকাল দুই বছর এবং সৌর প্যানেলের মেয়াদ ২০ বছর। প্রযুক্তিটি দেশব্যাপী সম্প্রসারণ করা গেলে ফসলের মাঠে পোকা দমন করা সহজ হবে। ফলে একদিকে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমবে ও পরিবেশ থাকবে নির্মল, অন্যদিকে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। প্রযুক্তিটি ফসলের মাঠের পাশাপাশি ধান-মাছের মিশ্র চাষে ও পুকুরে ব্যবহারের সুযোগ রয়েছে।
ধান গবেষণা ইনস্টিটিউটের গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম বলেন, এটি ব্যবহার করে শস্যের ক্ষতিকারক পোকামাকড় দমন করা যায়।