সৌরবাতিতে আলোকিত অজপাড়া
দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেড়ি নিতাইগঞ্জ বাজারের দোকানদার চিরেন চন্দ্র সরকার বললেন, ‘এখানে আগে সন্ধ্যা হলে বাজারে মানুষজন থাকত না। এখন থাকবে, বাজারটাতে কেনা-বেচা বাড়বে।’বিদ্যুৎহীন ওই বাজারে সৌরবাতির আলো পেয়ে ব্যবসায়ী চিরেন চন্দ্র সরকার এই অনুভূতি ব্যক্ত করেন। বুধবার সন্ধ্যায় বাজারে সৌর স্ট্রিট লাইটের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। সাংসদ নিজস্ব তহবিল থেকে এই সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছেন। বাজার কমিটির ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাবু যোগেশ চন্দ্র বিশ্বাস।এর আগে সকালে খানসামা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় সাংসদ উপজেলার বিদ্যুৎহীন বিভিন্ন মসজিদ, মন্দির ও মিলনায়তনের জন্য ৯০টি সৌরবাতি বিতরণ করেন।বিকেলে সাংসদ পাকেরহাট স্বাস্থ্যকেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এ সময় তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রে তাঁর নিজস্ব তহবিলে ১০টি বেড, নয়টি বেঞ্চ, ছয়টি বাতি হস্তান্তর করেন। তিনি গোয়ালদিহি স্বাস্থ্যকেন্দ্রে দুটি বেড ও দুুটি বাতি, হকেরহাট স্বাস্থ্যকেন্দ্রে দুটি বাতি, আঙ্গারপাড়া স্বাস্থ্যকেন্দ্রে দুটি বাতি ও দেউলগা স্বাস্থ্যকেন্দ্রে দুটি বাতি হস্তান্তর করেন।