সৌরবিদ্যুতে চালিত ওয়াটার বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে গতকাল মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে দেশের প্রথম ‘সৌরবিদ্যুতে চালিত ওয়াটার বাস (সোলার বোটিং)’। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং নির্মাতাপ্রতিষ্ঠান সোলার-ই-টেকনোলজির প্রকৌশলী ও গণমাধ্যমকর্মীরা এই ওয়াটার বাসে চড়ে নদীতে ভ্রমণ করেছেন।
গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ওয়াটার বাসটি নদীতে চালানো হয়। এ সময় বুয়েটের নৌ-স্থাপত্য ও সমুদ্র প্রকৌশল বিভাগের শিক্ষক মো. শাহজাদা তরফদার, স্রেডার পরিচালক (নবায়নযোগ্য জ্বালানি) শেখ রিয়াজ আহমেদ, জাপান থেকে আসা ইউএনডিপির পর্যবেক্ষণ কাজুসি হিরোহাতা এবং এ-দেশীয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মাহসিন হামুদা, গবেষণা সহকারী মায়িশা আজহার, সোলার-ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. নাইমুল ইসলামও ওয়াটার বাসে ছিলেন। ভ্রমণ শেষে শাহজাদা তরফদার এই উদ্ভাবনকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, সৌরবিদ্যুতে চালিত এই নৌযান নিয়ে তিনি খুবই আশাবাদী। কাজুসি হিরোহাতা বলেন, ‘আমি মুগ্ধ। পৃথিবীর কোনো দেশে সৌরবিদ্যুতে চালিত নৌযান দেখিনি। এটা ভবিষ্যতে জনবান্ধব নৌযানে পরিণত হবে ও টিকে থাকবে।’
মো. নাইমুল ইসলাম জানান, ইউএনডিপির অর্থায়ন ও স্রেডার সঙ্গে করা চুক্তি অনুযায়ী পরীক্ষামূলকভাবে সৌরবিদ্যুতে চালিত মোট পাঁচটি নৌযান তৈরি করা হচ্ছে। এর দুটিতে সৌরবিদ্যুতের পাশাপাশি ডিজেলেও ইঞ্জিন চালানোর ব্যবস্থা রাখা হচ্ছে।
চুয়াডাঙ্গার সৌরবিদ্যুতে চালিত নৌযান প্রসঙ্গে রিয়াজ আহমেদ বলেন, মোট ৭৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি নৌযান তৈরি করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে চালানোর সময় নৌযানের ইঞ্জিনের উচ্চ শব্দ কানে লেগেছে। সংশ্লিষ্ট প্রকৌশলীকে শব্দ কমিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।