সৌরবিদ্যুতের আলোয় পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরবিদ্যুতের আলোয় পড়াশোনা করছে গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারি গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র l ছবি: প্রথম আলো
সৌরবিদ্যুতের আলোয় পড়াশোনা করছে গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারি গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র l ছবি: প্রথম আলো

সপ্তম শ্রেণির ছাত্র শিমুল হোসেনের বাবা দিনমজুর। তার বাবার কেরোসিন কিনে কুপি বাতি জ্বালানোর সামর্থ্য ছিল না। তাই রাতে পড়াশোনা করতে পারত না সে। তিন-চার মাস আগের সেই দৃশ্যপট বদলে গেছে। এখন রাতে সৌরবিদ্যুতের (সোলার) আলোয় পড়াশোনা করছে। শিমুলদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী গ্রামে।
শিমুলের মতো সদর উপজেলার ২০০ জন গরিব মেধাবী শিক্ষার্থী সৌরবিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় গত ১৬ নভেম্বর উপজেলার নদীভাঙনকবলিত ঘাঘোয়া, গিদারি ও কামারজানি ইউনিয়নের এসব শিক্ষার্থীকে একটি করে সোলার দেওয়া হয়। প্রত্যেকের ঘরে পাঁচ ওয়াটের দুটি করে বাল্ব আছে। এই বাতি প্রতি রাতে আট ঘণ্টা চালু থাকে।
সরেজমিনে গিদারি ইউনিয়নের উত্তর গিদারি ও কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে দেখা গেছে, উত্তর গিদারি গ্রামের শিমুলদের কুঁড়েঘরের চালের ওপর সোলার লাগানো।
তার বাবা নবির হোসেন বললেন, ‘কামলার কাম করি দুই বেলা পেট ভরে ভাত খাবার পাইনে। কেরাসিন তেল কিনব্যার পাই নাই, কারেন নেমো ক্যামন করি। সোলারের আলোত ছোলট্যা পরব্যার পাবার নাগচে।’
গ্রামের চায়ের দোকানি নুরুন্নবী মিয়ার ছেলে শাহ সুলতান জানায়, কেরোসিনের অভাবে সে প্রায়ই ভোরে উঠে পড়তে বসত। তার মা মরিয়ম বেগম বললেন, ‘আলো পায়া ছোলট্যা ম্যালা আইত পরযোন্ত নেকাপড়া করে। এ আলোত হামার ঘরে সোংসারের কামও হয়।’
একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তারের বাবা সোহরাব হোসেন কৃষিশ্রমিক। স্মৃতি জানায়, কুপিতে তারা তিন ভাইবোন পড়তে পারত না। এখন সৌরবিদ্যুতের আলোয় সবাই একসঙ্গে পড়াশোনা করতে পারছে।
উত্তর গিদারি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমান বলেন, এই বিদ্যালয়ের ২৫ জন গরিব শিক্ষার্থী সোলার পেয়েছে।
একই উপজেলার গোঘাট গ্রামের কুল্লেহা মিয়ার বাবা আবদুল হামিদ জানান, ‘হামরা নদীভাঙা মানুষ। এক আলোত দুই ছোলোক পড়তে দেকি ভালো নাগে।’
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, জাতীয় সংসদের হুইপ এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগমের নামে বরাদ্দকৃত বিশেষ টিআর প্রকল্পের আওতায় গত ২৭ অক্টোবর ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ১৫০ মেট্রিক টন চাল বিক্রি করে ২৭৫টি সোলার কেনা হয়। যার মধ্যে ২০০টি বিতরণ করা হয়েছে, ৭৫টি বিতরণের কাজ চলছে। এই প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় টিআর, কাবিখা প্রকল্পের বরাদ্দের শতকরা ৫০ ভাগ চাল বা গম দিয়ে সোলার বিতরণের পরিপত্র জারি করে। অবশিষ্ট বরাদ্দ রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নকাজে ব্যয় হবে
কামারজানি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম বলেন, সোলার বিদ্যুৎ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় আগ্রহ বেড়েছে।
গাইবান্ধা সদর পিআইও মোফাখখারুল ইসলাম বলেন, তিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের তালিকা নিয়ে সোলার দেওয়া হয়েছে। অচিরেই এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।