সৌরবিদ্যুতের আলোয় আলোকিত রায়পুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় বিদ্যুৎ নেই, রাস্তাঘাটও এবড়োখেবড়ো। সন্ধ্যা হলেই পুরো এলাকা হয়ে উঠত ভুতুড়ে। তবে এ দৃশ্য এখন বদলে গেছে সৌরবিদ্যুতের বদৌলতে। আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের দক্ষিণ গহিরা ও তার আশপাশের এলাকার কয়েক শ ঘর আলোকিত করছে সৌরবিদ্যুৎ।

রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা, ঘাটকুল ও বারো আউলিয়া এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকান ও বসতবাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল শোভা পাচ্ছে। বিদ্যুতের সংযোগ না পেলেও সৌরবিদ্যুতের কল্যাণে ঘর আলোকিত হওয়ায় খুশি এখানকার বাসিন্দারা।

জানা গেছে, রায়পুরের দক্ষিণ গহিরা, ঘাটকুল ও বারো আউলিয়া এলাকায় বেড়িবাঁধ ঘেঁষে তিন শতাধিক পরিবারের বসবাস। বিদ্যুতের সংযোগ না থাকায় সন্ধ্যার পর দৈনন্দিন কাজ চলত হারিকেনের আলোয়। রাত গভীর হওয়ার আগে প্রয়োজনীয় কাজ ও খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়তে হতো। তবে সেসব দিন এখন অতীত। বর্তমানে সৌর প্যানেলের কল্যাণে ঘরে ঘরে আলো জ্বলছে।

স্থানীয় লোকজন জানান, বেসরকারি সংস্থার কাছ থেকে সৌর প্যানেল কিনছেন তাঁরা। কিস্তিতে কিনলে এক সেট সৌর প্যানেলের দাম পড়ে ১৩ হাজার ৭০০ টাকা।

দক্ষিণ গহিরা গ্রামের মনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি কিস্তিতে ১৩ হাজার ৭০০ টাকা দামে এক সেট সৌর প্যানেল কিনেছি গ্রামীণ শক্তির কাছ থেকে। প্রতি সপ্তাহে ৩০০ টাকা করে কিস্তি দিয়ে এ টাকা শোধ করছি।’ তিনি আরও জানান, এক সেট সৌর প্যানেল থেকে তিনটি বাতি জ্বালানো যায়। বারো আউলিয়া এলাকার বাসিন্দা আমানুল হক বলেন, এলাকার অন্তত ২০০ বসতবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার হচ্ছে।

জানতে চাইলে বেসরকারি সংস্থা গ্রামীণ শক্তির মাঠ সহকারী উত্তম বড়ুয়া বলেন, ‘আমরা সংস্থা থেকে নির্দিষ্ট দামে গ্রাহকদের কাছে সৌর প্যানেল বিক্রি করি। ভোল্টেজের অনুপাতে এক সেট প্যানেলের দাম ১৩ হাজার থেকে ৭০০ টাকা থেকে ৫৪ হাজার পর্যন্ত হয়। এতে তিনটি থেকে ১২টি পর্যন্ত বাতি জ্বালানো যায়।