সৌরবিদ্যুতের বাতি পেল রায়গঞ্জের আদিবাসী শিক্ষার্থীরা
সৌরবিদ্যুতের বাতি পেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আমশড়া আদিবাসী আবাসিক বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় ওরাঁও ফাউন্ডেশন ও আমশড়া গ্রামবাসীর বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সৌরবিদ্যুতের ১২টি বাতি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। বিদ্যালয়ের সভাপতি কমল চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সৌরবিদ্যুতের বাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ডেক্সিমকো সোলার হোম সল্যুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক আহমেদ, ওরাঁও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প প্রমুখ। ডেক্সিমকো সোলার হোম সল্যুশনের সিইও শফিক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘শুধু আদিবাসী নয়, মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে হয়।’ আমশড়া আদিবাসী আবাসিক বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা হারিকেনের আলোয় রাতের বেলা পড়ালেখা করত। এ-সংক্রান্ত ‘আঁধার জয়ের সেনানী’ শিরোনামে একটি প্রতিবেদন ৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হয়।