বহুতল ভবনে বিদ্যুতের সংযোগ নিতে হলে ওই ভবনের মোট চাহিদার ৩ শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কিছু কর্মকর্তার যোগসাজশে ঢাকা ও চট্টগ্রামে কোনো ধরনের সৌর প্যানেল না বসিয়েই বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে। ফলে কী পরিমাণ নতুন সংযোগ দেওয়া হয়েছে আর তাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কত, তার সঠিক তথ্য পিডিবিতে নেই। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এমন দাবি করেন।বক্তারা বলেন, সঠিক তথ্য না থাকায় ২০১৫ সালের মধ্যে মোট ব্যবহারের ৪০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যে উদ্যোগ সরকার নিয়েছে, তা কেবলই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।বক্তারা বলেন, তুলনামূলকভাবে সৌরবিদ্যুতের চেয়ে জাতীয় গ্রিডের বিদ্যুতের দাম অনেক কম। তার পরও গ্রামের মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে চায়। কারণ সেখানে বিদ্যুৎ সহজলভ্য নয়। একসময় সৌরবিদ্যুতের প্যানেল ও ব্যাটারি দুটোরই দাম বেশি ছিল। কিন্তু গত পাঁচ বছরে প্যানেলের দাম ৫০০ শতাংশ কমেছে। প্যানেলের দাম কমার কারণে বোরো মৌসুমে সেচ থেকে শুরু করে ক্ষুদ্র ও কুটিরশিল্পে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনাও বেড়ে গেছে। সরকারকে অবশ্যই এসব প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। ‘সোলার ফটোভোল্টাইক (পিভি) অ্যানার্জি ইন বাংলাদেশ: প্র্যাকটিস অ্যান্ড প্রসপেক্টাস্’ শীর্ষক সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজওয়ান খান এবং দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক নওশাদ আমিন। গ্রিনফিনিটি অ্যানার্জি লিমিটেড এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মোহাম্মদ রেজওয়ান খান বলেন, বাংলাদেশে তৈরি সোলার প্যানেলগুলো ২০ বছরের নিশ্চয়তা দিয়ে বাজারে আসছে। বিদেশি প্যানেলের ক্ষেত্রে এ ধরনের কোনো নিশ্চয়তা নেই। তবে ব্যাটারির দাম বেশি এবং কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় সৌরবিদ্যুৎ এখনো ব্যয়বহুল। এ ক্ষেত্রে সেচকাজে সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহারের সুযোগ রয়েছে। নওশাদ আমিন বলেন, জাপানে প্রতিবছর ৪০ শতাংশ হারে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ছে। মালয়েশিয়ায় বর্তমানে উদ্বৃত্ত বিদ্যুতের পরিমাণ ২০ শতাংশ। এর পরও তারা ২০২০ সালের মধ্যে মোট ব্যবহার্য বিদ্যুতের ১০ শতাংশ সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। বিদ্যুৎ নিয়ে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা হলেও সেখানে পিডিবির কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান গ্রিনফিনিটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকি মাসুদ বলেন, ‘তাঁদের একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তাঁরা উপস্থিত থাকবেন বলে সম্মতি দেননি। গ্রিনফিনিটি এনার্জির ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকী মাসুদ বলেন, বহুতল ভবনে বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য একটি প্যানেল একাধিক জায়গায় ব্যবহার করা হচ্ছে। কোনো ভবনে সংযোগ পাওয়ার জন্য প্যানেলটি বসিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজনকে দেখানো হয়। সংযোগ পাওয়া গেলে তা তুলে ফেলে নতুন আরেকটি ভবনে বসানোর জন্য ভাড়া দেওয়া হয়।