সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আগুয়াই নামক স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও হবিবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ, পৌরসভার মেয়র আজিজুর রহমান, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার গণিউজ্জামান লস্কর প্রমুখ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) থেকে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে আর আরইএল সানক্রেট কনসোর্টিয়াম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজ করবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বিউবোর যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ চৌধুরী বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিউবো ওই প্রকল্পটি দুর্গম হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ওই জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আট মাসে ওই প্রকল্পটি বাস্তবায়ন হবে।