সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশে সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বের্নহার্ড ওয়াবেতজ আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি পরিকল্পনা আমাদের রয়েছে।’ প্রধানমন্ত্রী বৈঠককালে দিল্লিভিত্তিক অনাবাসিক রাষ্ট্রদূত বের্নহার্ড বাংলাদেশে সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে তাঁর দেশের সহায়তার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, দেশে ইতিমধ্যে সেচকাজে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগেও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিশাল সুযোগ আছে।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পোশাক, সিরামিক, ওষুধ, পাট ও চামড়াজাত সামগ্রীর মতো বিশ্বমানের পণ্য বেশি করে আমদানি করতে অস্ট্রিয়া সরকারকে অনুরোধ জানান।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্ট্রিয়া বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতিদাতা কয়েকটি দেশের মধ্যে অন্যতম। বের্নহার্ড বলেন, শান্তিরক্ষা মিশনসহ উভয় দেশের বহু অভিন্ন স্বার্থ রয়েছে। রাষ্ট্রদূত প্রযুক্তি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। বাসস