সৌরশক্তি দিয়ে সেচ বেড়েছে উৎপাদন
সেচ সমস্যার কারণে বরগুনার আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামের কৃষকেরা আগে তাঁদের জমিতে একটি ফসল উৎপাদন করতেই সমস্যায় পড়তেন। সৌরশক্তিচালিত সেচব্যবস্থার সুবিধা পাওয়ায় তাঁরা এখন বছরে তিনটি ফসল উৎপাদন করতে পারছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ গ্রামের দেড় শতাধিক কৃষক এখন সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা দিয়ে পাম্প চালাচ্ছেন। ওই পাম্প দিয়ে মাটির নিচ থেকে পানি উঠিয়ে ‘সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম’-এ ২০০ একর জমিতে আউশ, আমন, বোরো ও রবিশস্য ফলাচ্ছেন।বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নীলগঞ্জের কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে। ২০১২ সালে ওই গ্রামে তারা চারটি সৌরশক্তিচালিত সেচপাম্প (সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম) স্থাপন করেছে। প্রতিটি পাম্পের আওতায় ৫০ একর জমি রয়েছে। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি সোলার সিস্টেমে ১২টি করে সোলার প্যানেল আছে। প্রতিটি পাম্প দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় আট লাখ লিটার পানি তুলে মাঠে সরবরাহ করা হচ্ছে।এ সেচব্যবস্থা চালুর জন্য কারিগরি সহযোগিতা দিয়েছে শেরপা সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান। শেরপার প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ তাহের বলেন, বাংলাদেশে বিদ্যুতের একটি বড় অংশ ধানখেতে সেচের জন্য ব্যয় হয়। বিদ্যুৎসংকটের কারণে তিনটি মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ এখন কষ্টসাধ্য। এ পদ্ধতি চালুর মাধ্যমে পরিবেশবান্ধব এবং আধুনিক কৃষিপদ্ধতি চালু করে দেশে একটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। এমএ তাহের আরও বলেন, সোলার সিস্টেম একবার স্থাপন করলে কোনো ধরনের খরচের ঝামেলা ছাড়াই ২০ বছর চালু থাকবে। ব্যাটারি ছাড়া সরাসরি সূর্যের আলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরবচ্ছিন্ন পানি সরবরাহ পাওয়া যায়।