সৌহার্দ্য আর সম্প্রীতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত থেকে আট হাজার মানুষ বসে আছে। কিশোর, তরুণ, যুবা, বৃদ্ধ—নানান বয়স। কারও পোশাকে সচ্ছলতার ছাপ, কারও দারিদ্র্যের। কেউ ব্যবসায়ী, কেউ রিকশাচালক। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ ছাপোষা কেরানি। সবার মনে একটাই বাসনা—আল্লাহর করুণা পাওয়া। সবাই বসে আছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সবার সামনে একই রকম ইফতারি। ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতির অপূর্ব নিদর্শন ইফতারের সময়ের বায়তুল মোকাররম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের দ্বিতীয় তলায় গিয়ে চোখে পড়ল শান্তিময় এক পরিবেশ। ইফতারের আগে সবাই দোয়া-দরুদ পড়ছেন। এরপর মোনাজাত হলো। সময় হলে ছোলা-মুড়ি মাখিয়ে সবাই ভাগাভাগি করে ইফতার করলেন। মিনিট দশেকের মধ্যে ইফতার শেষ করে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে লোকজন আবার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজে।
উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বায়তুল মোকাররমে ইফতারের জন্য লোকজন আসতে শুরু করেন আসরের নামাজের পর থেকে। সবার জন্য ইফতারি উন্মুক্ত। নারীদের জন্যও আছে আলাদা ব্যবস্থা।
গতকাল ইফতারে এসেছিলেন যাত্রাবাড়ীর স্কুলশিক্ষক খালিদ হোসাইন। প্রথম আলোকে তিনি বলেন, ‘মানুষের মধ্যে যেন মনুষ্যত্বের গুণাবলি পুরোপুরি আসে, ধনী-গরিবে ভেদাভেদ না থাকে, সেটাই রোজার শিক্ষা। বায়তুল মোকাররমের ইফতার যেন সেই শিক্ষাই দিচ্ছে।’
ফুটপাতের দোকানে কাজ করেন তরুণ আবদুস সালাম। জানালেন, প্রায়ই তিনি এখানে ইফতার করতে আসেন। কারণ কী জানতে চাইলে বললেন, এখানে ইফতার করতে এসে তাঁর কখনো নিজেকে ছোট মনে হয়নি। বরং ভালো লাগে।
মেরুল বাড্ডা থেকে এসেছিলেন রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটা কাজে এসে এই এলাকায় আটকে গেছি। কই যাব। হঠাৎ মনে হলো বায়তুল মোকাররমে ইফতার করে যাই। এসে বেশ ভালো লাগছে।’
ধানমন্ডি থেকে এসেছিলেন সিএর ছাত্র মাহফুজুর রহমান। তিনি বললেন, ‘কয়েক বন্ধু মিলে এখানে ইফতার করতে এসেছি। পরিবেশ দেখে মুগ্ধ।’
বায়তুল মোকাররম ঘুরে এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত এখানে ইফতারের আয়োজন চলে। ইসলামিক ফাউন্ডেশন যেমন এখানে ইফতারের আয়োজন করে, তেমনি স্বেচ্ছায়ও আয়োজন করেন কয়েকজন।
মসজিদের দক্ষিণ পাশে যেসব রোজাদার বসেন, তাঁদের ইফতারের ব্যবস্থা করেন বায়তুল মোকাররমের ব্যবসায়ী ও তাবলিগ জামাতের লোকজন। এখানে কয়েক বছর ধরেই জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ আবুল কালাম। তিনি প্রথম আলোকে জানান, এই মার্কেটের ব্যবসায়ীরা প্রতিদিন টাকা তুলে সবার জন্য ইফতারের আয়োজন করেন। পাঁচ বছর ধরে এই আয়োজন চলছে। যে কেউ এখানে ইফতার করতে পারেন।
মসজিদের পশ্চিম পাশে অনেক দিন ধরে ইফতারের আয়োজন করছেন ষাটোর্ধ্ব হাবিবুর রহমান। অনেকেই বলেন, বায়তুল মোকাররমে উন্মুক্ত ইফতারের আয়োজনের শুরুর উদ্যোক্তাদের একজন তিনি। প্রতিবছর তিনি সব রোজায় ইফতারে উপস্থিত থাকলেও এবার তিনি অসুস্থ। তাই নিয়মিত আসতে পারছেন না। এখানকার ব্যবস্থাপনায় আছেন টাঙ্গাইলের যুবক ফজলুর হক। তিনি বলেন, হাবিবুর রহমান দেড় যুগ সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ২০ বছর আগে এখানে রোজাদারদের ইফতার করাতে শুরু করেন। যাঁরা ইফতার করতে আসেন, তাঁরা মাঝেমধ্যে আর্থিক সাহায্য করেন। প্রতিদিন সাত থেকে আট শ লোক ইফতার করেন এখানে।
মসজিদের উত্তর পাশে মূল মঞ্চের সামনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের আয়োজন চলে প্রথম রোজা থেকে। গতকাল সেখানে থাকা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাকের হোসেন প্রথম আলোকে জানালেন, ইসলামিক ফাউন্ডেশন এই মসজিদে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লোকের ইফতারের আয়োজন করে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। বাদ আসর থেকে ইফতারের আগ পর্যন্ত ধর্মীয় বয়ান করেন দেশের বিশিষ্ট আলেমরা।
গতকাল বয়ানের সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামি বিশ্বকোষের পরিচালক আবদুস সালাম, মসজিদ মার্কেট কমিটির পরিচালক মহিউদ্দিন মজুমদারসহ কয়েকজনকে উপস্থিত দেখা গেল। তাঁদেরই একজন মুফতি ইমরান কাশিমি প্রথম আলোকে বলেন, ‘ইসলামে মানুষে মানুষে কোনো বিভেদ করা হয়নি। সবাই একসঙ্গে বসে ইফতার করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বেন; সেটা আল্লাহর অনেক পছন্দের। বায়তুল মোকাররমে সেটিই হচ্ছে। সাম্য আর ভ্রাতৃত্বের এই বোধ প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হওয়া উচিত।’