স্কটল্যান্ডে গ্রামীণ ব্যাংকের শাখা খুলছেন ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্র ঋণের অগ্রদূত ড. মুহাম্মদ ইউনূস এবার স্কটল্যান্ডে গ্রামীণ ব্যাংকের শাখা খুলতে যাচ্ছেন। গ্রীষ্ম শেষ হওয়ার আগেই গ্লাসগোতে এই শাখা খোলা হবে। এটাই হবে ইউরোপে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা। খবর রয়টার্সের।শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ইউনূস আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে ১০ লাখ পাউন্ডের তহবিল গড়ে তোলা হবে। গ্লাসগো ও স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় অভাব দূর করতে দরিদ্রদের মধ্যে এই তহবিল থেকে ঋণ দেওয়া হবে।পরিকল্পনা অনুযায়ী, গ্লাসগোতে আগামী তিন বছরে ৩০ লাখ পাউন্ডের তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে গড়ে এক হাজার পাউন্ড করে মোট দেড় হাজার দরিদ্র মানুষকে ঋণ দেওয়া হবে। ঋণের বিপরীতে সুদের বার্ষিক হার হবে ১৯ দশমিক ৮ শতাংশ। গ্লাসগোর এই পরিকল্পনা তত্ত্বাবধান করবেন মুহাম্মদ ইউনূস। এতে তাঁর অংশীদারিত্ব থাকবে।গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী ভাইস প্রিন্সিপাল কলিন ম্যাককুলাম বলেন, ‘এটা যদি গ্লাসগোতে কাজ করে, তাহলে যেকোনো জায়গায় কাজ করবে।’ গ্লাসগোতে শাখা খোলায় ইউনূসের সঙ্গে ম্যাককুলামের অংশিদারিত্ব রয়েছে।