স্কলার্সহোমের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
সিলেট শহরে হাফিজ মজুমদার ট্রাস্টের মাধ্যমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ নিয়ে ঘোষিত সব আন্দোলনের কর্মসূচিও প্রত্যাহার করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকেরা।
গত রোববার রাতে অভিভাবকদের সঙ্গে ট্রাস্ট কর্তৃপক্ষের এক বৈঠক হয়। সেখানে আগামী বছরের শুরু থেকে বেতন বাড়াতে এবং চলতি বছরের জুন থেকে বেতন বাড়ানোর ঘোষণা স্থগিত করতে উভয় পক্ষ সম্মতি জানায়। বৈঠকের পর আন্দোলনকারী অভিভাবকেরা তাঁদের ঘোষিত সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন।
প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর বেতন ১ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়। চলতি বছরের জুন থেকে বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলে শিক্ষার্থীদের অভিভাবকেরা আন্দোলন শুরু করেন। ২৫ মে স্কলার্সহোমের ছয়টি ক্যাম্পাসে তাঁরা একযোগে মানববন্ধন করে ৩০ মের মধ্যে বেতন বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানান।
জানতে চাইলে হাফিজ মজুমদার ট্রাস্টের সদস্যসচিব লোকমান উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত স্কলার্সহোমের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বর্তমান নিয়মেই বেতন পরিশোধ করবে।