স্কলাসটিকার মঞ্চে শার্লক হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীরা গতকাল শার্লক হোমসের নাটক বেকার স্ট্রিট ইরেগুলারস মঞ্চস্থ করে। স্কুলের মিরপুর ক্যাম্পাসে নাটকের কুশীলবদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা l ছবি: প্রথম আলো
স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীরা গতকাল শার্লক হোমসের নাটক বেকার স্ট্রিট ইরেগুলারস মঞ্চস্থ করে। স্কুলের মিরপুর ক্যাম্পাসে নাটকের কুশীলবদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা l ছবি: প্রথম আলো

ওয়েইনরাইট সার্কাসের তলোয়ারবাজ ক্রিসপিন খুন হয়েছেন। বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস তদন্ত করতে এসে হয়ে পড়েছেন অসুস্থ। হোমসের অনুরোধে তদন্তে নেমে পড়লেন উইগিনস ও তাঁর অগোছালো দল। পুলিশের ধারণাকে ভুল প্রমাণ করে অগোছালোর ওই দলই খুঁজে বের করল মূল অপরাধীকে।
বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প অবলম্বনে বেকার স্ট্রিট ইরেগুলারস নাটকের সব চরিত্র গতকাল শুক্রবার যেন হাজির হয়েছিল রাজধানী ঢাকায়। স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীরা মঞ্চস্থ করে এই নাটক। স্কুলটির মিরপুর ক্যাম্পাসের এসটিএম মিলনায়তনের মঞ্চে শিক্ষার্থীদের অভিনয় মুগ্ধ করে উপস্থিত কয়েক শ দর্শককে।
সার্কাসকে কেন্দ্র করে নাটক, আর সেখানে জোকার না থাকলে কী করে হয়। তাই যেন নাটকের শুরুতেই মঞ্চে আসে জোকাররা। একে একে প্রদর্শিত হয় সার্কাসের নানা খেলা। এরই মধ্যে মঞ্চে ঘটে যায় খুনের এক ঘটনা। এই খুনের পেছনের ঘটনা খুঁজে বের করার মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের দৃশ্যপট। পুরো নাটকে স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীদের সাবলীল অভিনয় ছিল মুগ্ধ করার মতো।
নাটকের মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, অনেক সমস্যা আছে, তাও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক আয়, খেলা—সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েরা।
এ সময় সম্পাদক মতিউর রহমান গারো পাহাড়ের পাদদেশের ছোট্ট একটি গ্রাম কলসিন্দুরের সুবিধাবঞ্চিত মেয়েরা কীভাবে এগিয়ে গেছে সে গল্প শোনান। তিনি বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের ১০ জন খেলোয়াড়ই কলসিন্দুর গ্রামের। প্রথম আলো কলসিন্দুরের মেয়েদের খবর তুলে ধরেছে, পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যেসব ইতিবাচক পরিবর্তন আনে প্রথম আলো সেগুলো সব সময় তুলে ধরে।
স্কলাসটিকা স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমদ বলেন, থিয়েটারের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতার বিকাশ ঘটে। নাটক শিশুদের সম্ভাবনা, দক্ষতা ও প্রতিভার বিকাশে সাহায্য করে। স্কলাসটিকা স্কুল সব সময় পাঠ্যসূচির বাইরের কর্মকাণ্ডকে উৎসাহিত করে। তিনি বলেন, অ্যাসিডবিরোধী আইন প্রণয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রথম আলো অগ্রণী ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তনেও সহায়ক ভূমিকা পালন করছে প্রথম আলো।
এ সময় মিলনায়তনে থেকে নাটক উপভোগ করেন স্কুলের পরিচালক ওয়াসিমা পারভীন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।