স্কলাস্টিকা স্কুলে মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে স্কলাস্টিকা স্কুল। ভাষাশহীদদের স্মরণে স্কুলটির বিভিন্ন শাখায় গত রোববার এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রভাতফেরি করেছে স্কলাস্টিকা স্কুলের ‘উত্তরা সিনিয়র শাখা’। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কায়সার আহমেদ (অব.) অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। এ ছাড়া ‘উত্তরা জুনিয়র শাখায়’ আয়োজিত অনুষ্ঠানে মেলায় রংতুলিতে আঁচল, বর্ণে বর্ণে লাল সবুজ, বর্ণ লিখি শিরোনামে বিভিন্ন স্টল সাজানো হয়।
এই স্কুলটির মিরপুর শাখায় আয়োজিত অনুষ্ঠানে ‘২১ আমার অস্তিত্ব’ ও শহীদ মুনীর চৌধুরীর কবর নাটক মঞ্চস্থ করা হয়। এর আগে জ্যেষ্ঠ সহ-অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি