স্কলাস্টিকার শিক্ষার্থীদের গানে গানে কিছু সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই পাশের চশমা পরা মেয়েটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আর ডান কোনায় বসা চুপচাপ ছেলেটা হবে বড় অর্থনীতিবিদ। বাম সারির শেষ মাথায় হাত উঁচিয়ে বসা ছেলেটাই আগামীর সাকিব আল হাসান। তোমরাই হচ্ছো আগামী দিনের বাংলাদেশ। 

স্কলাস্টিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার স্কুলের মিলনায়তনে জড়ো হয়েছিল ‘আমি বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের গান শুনতে। কনসার্ট শুরুর আগে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন দর্শক সারিতে বসা শিক্ষার্থীদের এভাবেই পরিচয় করিয়ে দেন। কনসার্টের আয়োজন করে প্রথম আলো।
কনসার্ট শুরুর আগে স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ বলেন, যারা প্রগতির পথে এগিয়ে যায়, প্রথম আলো তার কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রেরণা জোগাচ্ছে। দেশের অগ্রগতি ও উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করছে। তাই স্কলাস্টিকা প্রথম আলোর সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এই কনসার্টের মাধ্যমে সেই সম্পর্ক শুরু হলো।
সুমনা শারমীন বলেন, ‘শুধু সারা দিন লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। সংস্কৃতিবোধও জরুরি। তাই প্রথম আলো এই কনসার্টের আয়োজন করেছে। সবাই মিলে আনন্দ করব, কিছুক্ষণের জন্য ভুলে থাকব পড়ালেখার চাপ।’
কনসার্ট শুরু হয় বেলা তিনটায়। প্রথমেই জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই গেয়ে শোনান সংগীতশিল্পী দিনাত জাহান ও ইশরাক নাওয়ার। দিনাত জাহানের মেয়ে ইশরাক নাওয়ার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। এরপর ইশরাক আরও দুটি গান গায়।
ভাষার মাসে শহীদদের স্মরণে ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ গানটি শুরু করেন দিনাত জাহান। বাংলা ভাষার জন্য আবেগপ্রবণ উপস্থিত দর্শক তার সঙ্গে গলা ছেড়ে গেয়ে ওঠে ‘আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।’
এরপর মঞ্চে আসেন হৃদয় খান। মঞ্চে উঠেই তিনি বলেন, স্কুলে ঢুকেই আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। ‘বল না তুই বল না’, ‘চাই না মেয়ে তুমি’ সহ তিনটি গান গেয়ে শোনান তিনি। এ সময় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
সংগীতশিল্পী মিনার নিজের বিখ্যাত ‘তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি’, ‘আহা রে, আহা রে’ গানগুলো গেয়ে শোনান। পড়ন্ত বিকেলে মঞ্চে আসে ব্যান্ডদল চিরকুট। ‘হতচ্ছাড়া মন’ গানটি দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে চিরকুট। তাদের ‘কানামাছি মিথ্যা, কানামাছি সত্য’ গানের মধ্য দিয়ে শেষ হয় স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থীদের গানে গানে কিছু সময়। কিছু সময়ের জন্য তারা ভুলে ছিল পড়াশোনার চাপ।