স্কাউট আন্দোলন জোরদার করতে হবে: রাষ্ট্রপতি
শিশু, তরুণ ও যুবকদের আদর্শ ও মূল্যবান নাগরিক হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে স্কাউট আন্দোলন কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল কাউন্সিলের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে একটি আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল জাতি হিসেবে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু, তরুণ ও যুবকদের আত্মনির্ভরশীল, দেশপ্রেমিক, আত্মবিশ্বাসী ও সুনাগরিক হিসেবে গড়ে তুললে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
স্কাউটদের কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আবদুল হামিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে এবং দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের স্কাউটিং কার্যক্রম সর্বত্র দৃশ্যমান এবং আরও সম্প্রসারণ করতে হবে।’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও ভূমিধসের ঘটনাগুলো উদ্বেগের কারণ হয়ে উঠেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে স্কাউটরা কাজ করতে পারেন।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান অনুষ্ঠানে বক্তব্য দেন।