স্কাউট আন্দোলনকে শক্তিশালী করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ স্কাউটসের প্রশংসা করেছেন এবং দেশব্যাপী এ আন্দোলনকে শক্তিশালী ও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
গতকাল বুধবার বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট আবদুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
১৬ জুলাই অনুষ্ঠেয় বাংলাদেশ স্কাউটসের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হতে সম্মতি জ্ঞাপন করায় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্কাউটসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে।
এ ছাড়া বিগত তিন বছরে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজের উন্নয়নমূলক ও স্বাস্থ্যসেবামূলক কাজে তাদের অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, দেশে বর্তমানে ১৩ লাখ স্কাউট আছে। ২০১৫ সাল নাগাদ এ সংখ্যা ১৫ লাখে উন্নীত করা তাদের লক্ষ্য।