স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মকে সৎ, সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং চালুর মাধ্যমে স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার সকালে গণভবনে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের লেখাপড়া ও বিনোদনের পাশাপাশি মানুষের সেবা করার মানসিকতা অর্জন করতে হবে।’শেখ হাসিনা দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর ও সচেতনতা সৃষ্টিতে সরকারকে সহযোগিতার জন্য স্কাউটদের ভূমিকার প্রশংসা করেন। তাদের এই সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী স্কাউটদের প্রতি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানা এবং তা ধারণসহ দেশীয় সংস্কৃতির চর্চা ও প্রকৃতি রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি স্কাউটদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের শতভাগ শিশু স্কুলে যায়। শিশুশ্রম বন্ধ করে তাদের জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণের সুযোগ ও ক্ষেত্র প্রসারিত হয়েছে। মাল্টিমিডিয়া ও কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা অব্যাহত রয়েছে। দুর্গম অঞ্চলেও ভ্রাম্যমাণ আইটি ল্যাব পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।প্রধানমন্ত্রী স্কাউটদের বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের মূল কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, ‘তোমরাই এর পূর্ণ সুফল পাবে। পাশাপাশি সমুদ্রজয়ের সুফলও তোমরাই পাবে।’প্রধানমন্ত্রী অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য স্কাউটদের প্রতি আহ্বান জানান।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, জাতীয় স্কাউটের চেয়ারম্যান এম এ করিম, স্কাউটদের জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।এর আগে প্রধানমন্ত্রী ২৫১ জন পুরস্কার বিজয়ী কাবের মধ্যে ২০ জনকে শাপলা কাব পুরস্কার দেন। তিনি গণভবনের লনে কাব কার্নিভালেরও উদ্বোধন করেন।