শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের স্কাউট ও রোভাররাই আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। তারাই এক দিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে তাদের নৈতিক মূল্যবোধ, নিষ্ঠাবান ও দেশপ্রেমী করে গড়ে তুলতে হবে। রোভার মুটের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে।গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর রোভারপল্লী এলাকায় গতকাল সোমবার বিকেলে কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছয় দিনব্যাপী রোভারমুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ওই সব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবুল কালাম আজাদ, রোভার মুট এক্সিকিউটিভ অধ্যাপক নির্মল কান্তি মিত্র, মুট সাংগঠনিক কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. মনিরুজ্জামান, রোভার মুটের সহযোগী টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।‘আলোকিত জীবনের জন্য রোভারিং’—এ স্লোগান সামনে নিয়ে রোভার মুটে সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে পাঁচ হাজারের বেশি রোভার ও গার্ল-ইন-রোভার, রোভার নেতা ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত রোভার মুটে ১৬টি চ্যালেঞ্জ নিয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে রোভার মুট প্রোগ্রাম সাজানো হয়েছে।