চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিটি করপোরেশনের স্টেডিয়ামে স্কাউট-গাইড-রোভার-রেঞ্জার ক্যাম্পে গত সোমবার রাতে টর্নেডোর আঘাতে কয়েকজন ছাত্রী আহত হয়েছে। তাদের মেমন সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়।
আহত ছাত্রীরা পাঠানটুলী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, আলকরণ সুলতান আহমদ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, বলুয়ার দীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজের ছাত্রী বলে জানা গেছে।
গত রোববার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ আয়োজিত চার দিনব্যাপী ১২তম আন্তস্কুল ও কলেজ স্কাউট-গাইড-রোভার-রেঞ্জার ক্যাম্প শুরু হয়। এতে করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ছয় শ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
গতকাল মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক শর্মিলা রায় বলেন, ‘ছাত্রীরা বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়নি। দু-একজন হাতে-পায়ে সামান্য আঘাত পেয়েছে। বাকিরা ঝড়ের তাণ্ডব দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা রাতের বেলায় তাদের পর্যবেক্ষণে রাখি। সকাল বেলায় দুজন সুস্থ হয়ে অভিভাবকের সঙ্গে বাড়ি ফিরে গেছে। বাকিরাও সুস্থ হয়ে উঠেছে। তাদের রিলিজের কাগজপত্র তৈরি হয়ে গেছে।’
এ ঘটনায় গতকালের নির্ধারিত মহাতাঁবু জলসার কর্মসূচি বাতিল করা হয়। এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মহাতাঁবু জলসা বাতিল করেছি। বুধবার মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে আমাদের কার্যক্রম আবার শুরু হবে।’
করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে টর্নেডোর তাণ্ডব শুরু হয়। এতে শিক্ষার্থীদের তাঁবুগুলো তছনছ হয়ে যায়। এ ঘটনায় কয়েকজন সাম্যন্য আঘাত পায়। বাকিরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। রাতেই ১৪ শিক্ষার্থীকে মেমন সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে অন্যদের কাছাকাছি এ এনএন এম জে এম কলেজে সরিয়ে আনা হয়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশীদ আহমেদ।