স্কাউট জাম্বুরি মৌচাকে শুরু হচ্ছে আজ
‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী নবম বাংলাদেশ ও প্রথম সানসো (সার্ক ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশনস) স্কাউট জাম্বুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।
জাম্বুরিতে অংশ নেওয়ার জন্য গতকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটরা আসতে শুরু করেছে। স্কাউটদের কলরবে মুখরিত হয়ে উঠেছে মৌচাকের শালবন। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় জাম্বুরির উদ্বোধন শেষে তাঁবু এলাকা পরিদর্শন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবদুল করিম। উৎসব শেষ হবে ১১ এপ্রিল। জাম্বুরিতে সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা, ভুটান ও নেপালের ২৭ জন স্কাউট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজের কমপক্ষে সাড়ে আট হাজার স্কাউট প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা অংশ নেবেন। এখানে স্কাউটিংয়ের নানা বিষয়ের ওপর হাতে-কলমে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।