স্কাউটস কার্যালয় প্রাঙ্গণ ভাড়া নিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসার নাম—‘ডক্টরস চেম্বার’। এ ব্যবসার জন্য নগরের স্টেডিয়ামলাগোয়া বাংলাদেশ স্কাউটস সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রাঙ্গণ পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে। দুই মেয়াদে আট বছরের জন্য ভাড়া নিয়ে দোতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করায় স্কাউট কার্যালয়ের প্রাঙ্গণ এখন হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে।দরপত্র ছাড়াই ভাড়া দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নগরের চৌহাট্টা-রিকাবিবাজার ভিআইপি সড়কের পাশে বাংলাদেশ স্কাউটস সিলেট আঞ্চলিক কার্যালয়ের অবস্থান। স্টেডিয়াম মার্কেট পুরোটাই বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট চেম্বার হওয়ায় ওই এলাকা সিলেটের ‘ডাক্তারপাড়া’ হিসেবে পরিচিত। ডক্টরস চেম্বার ব্যবসার নামে স্কাউট কার্যালয়ের প্রাঙ্গণ ভাড়া নিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ কে এম সাইদুর রহমান। সাইদুর তাঁর স্ত্রী আফরোজা বেগমের নামে ভাড়ার চুক্তি সম্পাদন করেছেন। আফরোজা সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।সাইদুর রহমান জানান, ১৩ লাখ টাকা জামানত দিয়ে ২০১১ সালের ৩১ মার্চ বাংলাদেশ স্কাউটস সিলেটের সম্পাদক প্রথম পক্ষ হিসেবে ভাড়ার চুক্তি সম্পাদন করেছেন। চুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে সেখানে দোতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি নির্মাণকাজ শেষে ভবনের দোকানকোঠা বরাদ্দ দেওয়ার বাণিজ্যিক তৎপরতা শুরু হলে বিষয়টি প্রকাশ পায়।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, নবনির্মিত ভবনের দোতলায় ‘ল্যাব ডি নোভো’ নামের রোগ নির্ণয়কেন্দ্রের একটি সাইনবোর্ড সাঁটানো। নিচতলায় ১৩টি দোকানকোঠা। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ভবনের দোকানকোঠাগুলো ভাড়া দেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করছেন। তিনি জানান, স্কাউট কার্যালয় থেকে ভাড়া নেওয়ার প্রক্রিয়ায় সাইদুরের সঙ্গে তিনিও একজন অংশীদার।স্কাউট কার্যালয় সূত্র জানায়, চুক্তিনামা অনুযায়ী ১০৪ দশমিক ৫১ বর্গমিটার (২ দশমিক ৮৭ শতক) ভাড়া দেওয়া হয়েছে। ১৩ লাখ টাকা জামানত ও মাসিক ৮০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রাঙ্গণে দোতলা ভবন নির্মাণের বিষয়ে চুক্তিনামায় কোনো তথ্য নেই।সিলেট আঞ্চলিক স্কাউটস কার্যালয়ের তত্ত্বাবধায়ক (অফিস সুপার) অজয় কুমার দে জানান, চুক্তিনামায় ভাড়া গ্রহণকারী ব্যক্তি প্রাঙ্গণে ‘গৃহ নির্মাণ’ সম্পন্ন করবেন বলে উল্লেখ আছে। তবে গৃহের কাঠামো স্থায়ী না অস্থায়ী—এ বিষয়টি জানা নেই। বিষয়টি স্কাউটস নেতারা বলতে পারবেন।নাম প্রকাশ না করার শর্তে সিলেট আঞ্চলিক স্কাউটসের একজন সদস্য জানান, প্রাঙ্গণ ভাড়া দেওয়ার প্রক্রিয়াটি দরপত্রের মাধ্যমে না হওয়ায় উভয় পক্ষের (ভাড়াদাতা ও ভাড়াগ্রহীতা) মধ্যেই এ ব্যাপারে লুকোচুরির প্রবণতা লক্ষ করা গেছে। বাংলাদেশ স্কাউটস সিলেটের সম্পাদক মুহিতুল ইসলাম জানান, স্কাউটসের নিজস্ব আয়ের খাত বাড়ানোর স্বার্থে প্রাঙ্গণ ভাড়া দেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত হওয়ায় দরপত্র আহ্বানের প্রয়োজন পড়েনি।ভাড়া নিয়ে স্থায়ী ভবন নির্মাণে প্রাঙ্গণ হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে মুহিতুল ইসলাম জানান, স্থায়ী ভবন হলে সেটির মালিক তো স্কাউটস কর্তৃপক্ষই। তাই হাতছাড়া হওয়ার সুযোগ নেই। দরপত্র ছাড়া এভাবে ভাড়া দেওয়া আইনসিদ্ধ কি না, জানতে চাইলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব জানান, এ বিষয়ে জেলা প্রশাসন অবহিত নয়। প্রকাশ্যে দরপত্র ছাড়া এভাবে ভাড়া বা বন্দোবস্ত দেওয়া বেআইনি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।