প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশু-কিশোর ও যুববয়সীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। স্কাউটিং একজন তরুণকে সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানবদরদি হতে শেখায়। যত বেশিসংখ্যক ছাত্রছাত্রী স্কাউটিং আন্দোলনে সম্পৃক্ত হবে, আমরা তত বেশি সুনাগরিক পাব।’গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার সকালে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, কোমলমতি শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলির সমাবেশ ঘটানো এবং যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জনে কাবিং স্কাউট অত্যন্ত কার্যকর। ক্যাম্পুরিতে এসে ছোট্ট সোনামণিরা সেবার মানসিকতা, মিলেমিশে থাকা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা লাভ করে।কাব স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সেবা আর ত্যাগের মানসিকতা নিয়ে তোমরা বড় হবে। বড়দের সম্মান করবে। অন্যের উপকারে নিজেদের নিবেদিত করবে। তোমাদের জন্য গত মেয়াদে দায়িত্ব পালনকালে আমরা স্কাউটিং সম্প্রসারণ এবং মানোন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিলাম।’বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাব ক্যাম্পুরির সাংগঠনিক কমিটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ। সারা দেশ থেকে নয় হাজার কাব ও স্কাউট এই ক্যাম্পুরিতে অংশ নিচ্ছে। ছয় দিনব্যাপী কাব ক্যাম্পুরি ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. জিল্লুর রহমান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কাব স্কাউট ও স্কাউট দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো স্কাউটিং চালু হয়নি, সেগুলোতে দ্রুত স্কাউটিং চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী স্কাউট নেতাদের উদ্দেশে বলেন, ‘স্কাউটের কার্যক্রম আরও সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করুন। এ কার্যক্রম গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিন। বাংলাদেশে স্কাউটসের বর্তমান সদস্য প্রায় ১০ লাখ। জনসংখ্যার অনুপাতে এ সংখ্যা খুবই কম।’ আগামী ২০১৩ সালের মধ্যে স্কাউটের সংখ্যা ১৫ লাখে উন্নীত করা এবং স্কাউট পাঠ্যসূচি নিয়মিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করবে।অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারসহ স্কাউট নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে ক্যাম্পুরি ব্যাজ, স্কার্ফ, গ্র্যান্ড ইয়েল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে তিনি ক্যাম্পুরি পতাকা হস্তান্তর, স্মারক খাম ও ডাকটিকিট অবমুক্ত এবং কাব স্কাউটদের ডিসপ্লে ও তাঁবু এলাকা পরিদর্শন করেন।