স্কাউটের নির্বাহী সচিবের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা, মেয়ের জিডি
বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী সচিব মজিবুর রহমানের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি স্ত্রী ও মেয়েকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হুমকির অভিযোগে মজিবুরের মেয়ে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে মজিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছয় মাসের জন্যে স্থগিত করেছেন উচ্চ আদালত।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মজিবুর রহমানের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে গত ৪ মে যশোরের বিচারিক হাকিম আদালতে মামলা করেন তাঁর স্ত্রী শওকত আরা। এতে বাদী অভিযোগ করেন, ১৯৮০ সালে মজিবুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিন বছর পর কন্যাসন্তান জন্ম নেওয়ার পর থেকে মজিবুর যৌতুক দাবি করতে থাকেন। একপর্যায়ে স্ত্রী-কন্যাকে ফেলে ঢাকায় চলে যান। এরপর বাদী অনেক যোগাযোগ করলেও মজিবুর ফিরে আসেননি। গত বছরের ২২ মে মজিবুর বাদীর বাড়িতে (যশোর শহরের সুরেন্দ্রনাথ সড়ক) এসে ১০ লাখ টাকার যৌতুক দাবি করেন। মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ২২ মে যশোরে গিয়ে যৌতুক দাবি করার প্রশ্নই ওঠে না। ওই দিন ঢাকায় স্কাউটসের সদর দপ্তরে সেমিনারে অংশ নেন তিনি। মজিবুর বলেন, ‘১৯৯৩ সালের আইন অনুযায়ী শওকত আরাকে তালাক দিয়েছি।’ এ ব্যাপারে শওকত আরা বলেন, ‘আমি এ তালাক মানি না।’