স্কার্ফ না পরলেই বেত্রাঘাত
সরকারের প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে কোনো ধর্মীয় আচরণ চাপানোর কথা না বলা হলেও চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা স্কুল অ্যান্ড কলেজে জোর করে ছাত্রীদের স্কার্ফ পরানোর অভিযোগ উঠেছে। কেউ আপত্তি করলে তাদের পেটানো হচ্ছে বেত দিয়ে। অভিযোগ উঠেছে, ওই স্কুলের কয়েকজন জামায়াতপন্থী শিক্ষককে সঙ্গে নিয়ে অধ্যক্ষ বেলায়েত হোসেন এ কাজ করছেন। প্রতিদিন সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশে (আসেম্বলি) তিনি স্কার্ফ পরার বিষয়ে বলছেন। অন্যথায় ছাত্রীদের মারধরেরও হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতি ক্লাসেই এই অধ্যক্ষ এখনো বেত ব্যবহার করেন। স্কুলের জন্য তিনি টাকা দিয়ে বেত কিনে এনে শিক্ষকদের দেন বলেও অভিযোগ আছে। স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী প্রথম আলোকে জানায়, কলেজের অধ্যক্ষ ক্লাসে ক্লাসে গিয়ে বলছেন, ‘পাপড়ি ছাড়া যেমন ফুল ভালো লাগে না, তেমনি স্কার্ফ ছাড়া মেয়েদের ভালো লাগে না। আর স্কার্ফ পরলে মেয়েদেরও ফুলের মতো লাগবে। তাই তোমরা স্কার্ফ পরবে।’ ছাত্রীদের অভিযোগ, কেউ স্কার্ফ না পরলেই তাঁর মাথায় বেত দিয়ে মারছেন অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক। অনুসন্ধানে জানা গেছে, আনোয়ারার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন প্রাত্যহিক সমাবেশে ও শ্রেণীকক্ষে মেয়েদের স্কার্ফসহ ধর্মীয় পোশাক পরার ব্যাপারে চাপ সৃষ্টি করছেন। তা ছাড়া বেত্রাঘাত নিষেধ থাকা সত্ত্বেও তিনি বেত ব্যবহার ছাড়াও শিক্ষার্থীদের বেঞ্চে দাঁড় করিয়ে শাস্তি দেন।কলেজের নবম শ্রেণীর এক ছাত্রী প্রথম আলোকে বলে, স্কার্ফ না পরায় অধ্যক্ষ বেত দিয়ে তার মাথায় আঘাত করেছে। বাধ্য হয়ে তাকে পরদিন থেকে স্কার্ফ পরতে হচ্ছে। কয়েকজন অভিভাবক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়াশোনার মান খুবই ভালো ছিল। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য স্কুলটি চট্টগ্রামের শীর্ষে ছিল। কিন্তু বর্তমানে সরকারি দলের ছত্রছায়ায় থাকা কয়েকজন জামায়াতপন্থী শিক্ষক জোর করে মেয়েদের স্কার্ফ পরাচ্ছেন। ওই বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে অধ্যক্ষ চাপ সৃষ্টি করে মেয়েদের স্কার্ফ পরতে বাধ্য করছেন বলে অমাদের কাছেও অভিযোগ এসেছে। এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যাচ্ছে।’ এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘না, বিষয়টি সে রকম নয়। আমি কাউকে স্কার্ফ পরতে বাধ্য করছি না। কিন্তু সবাইকে উৎসাহিত করি। কারণ মেয়েরা যদি ভালোভাবে চলাফেরা না করে, তাহলে ছেলেদের আকর্ষণ হবে। ফলে ইভ টিজিংসহ নানা সমস্যা হবে।’ প্রাত্যহিক সমাবেশ ও ছাত্রীদের বেত দিয়ে মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, ইংরেজিতে একটি প্রবাদ আছে: ‘স্পেয়ার দ্য রড, স্পইল দ্য চাইল্ড’। কাজেই শিক্ষার্থীদের ভয় লাগানোর জন্য এসব করতেই হয়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুস সালাম খান প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্ট করে কেউ এ ধরনের অভিযোগ আনেনি। তারপরও আমি বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করব।’