স্কুল এক জেলায়, দাপ্তরিক কাজ অন্য জেলায়
বিদ্যালয় এবং এর শিক্ষার্থীরা হবিগঞ্জ জেলার। কিন্তু দাপ্তরিক সব কাজ চলে পাশের মৌলভীবাজারের অধীনে। শিক্ষকেরাও ওই জেলার। দূরে হওয়ায় তাঁরা যথাসময়ে বিদ্যালয়ে আসতে পারেন না। এ কারণে বেশির ভাগ সময়ই পঞ্চম শ্রেণির এক ছাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পাঠদান করে। এভাবেই চলছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে ১৯২০ সালে এ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২১৬। তারা সবাই লোগাঁও গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, পাশের কায়স্থ গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি পঞ্চাশের দশকে হবিগঞ্জ জেলার অধীনে সরকারীকরণ করা হয়। তখন লোগাঁও গ্রামে বিদ্যালয়টিও সরকারীকরণের চেষ্টা চলে। কিন্তু কাছাকাছি স্থানে অবস্থিত দুটি বিদ্যালয় সরকারীকরণের ক্ষেত্রে আইনগত জটিলতা ছিল। সেটি এড়াতে তখন লোগাঁও প্রাথমিক বিদ্যালয়কে মৌলভীবাজার জেলার অধীনে দেখিয়ে সরকারীকরণ করিয়ে নেওয়া হয়। এরপর থেকে এ বিদ্যালয়ের সব কর্মকাণ্ড মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আওতায় চলে আসছে। এ কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ, উপবৃত্তির টাকা উত্তোলনসহ বিভিন্ন কাজে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ভুগতে হচ্ছে। সমাপনী পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যেতে হয় ২০-২২ কিলোমিটার দূরে মৌলভীবাজার সদরের কাগাবলা ইউনিয়নের মিলনপুর উচ্চবিদ্যালয়ে। উপবৃত্তির টাকা তুলতে যেতে হয় মৌলভীবাজার জেলা সদরে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি। তবে প্রধান শিক্ষকসহ তিনটি পদই এখন শূন্য। যে তিনজন কর্মরত আছেন, তাঁদের সবার বাড়ি মৌলভীবাজারে। দূরে হওয়ায় তাঁরা বিদ্যালয়ে আসেন না। ফলে বিদ্যালয়টিতে পাঠদানের ক্ষেত্রে সব সময়ই একটা টানাপোড়েন চলে।
গত ৩১ জুলাই সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে আছে। বেলা ১০টা গড়ালেও কোনো শিক্ষক আসেননি। পঞ্চম শ্রেণির ছাত্র ইমন সব কটি শ্রেণিকক্ষের নিয়মশৃঙ্খলার বিষয়টি তদারক করছিল। একটু পরেই সে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের কক্ষে গিয়ে পাঠদান শুরু করে। এ সময় সে জানায়, স্কুলের চাবি তার কাছে থাকে। শ্রেণিকক্ষগুলো গোছগাছ করার দায়িত্বও শিক্ষকেরা তাকে দিয়ে রেখেছেন। তাই সে প্রতিদিন একটু আগে বিদ্যালয়ে আসে। শিক্ষকেরা আসার আগ পর্যন্ত সে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করে।
বেলা ১০টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে ঢোকেন সহকারী শিক্ষক রিপন চন্দ্র পাল। এর ২০ মিনিট পর পৌঁছান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাচ্ছু মিয়া। প্রধান শিক্ষক এ প্রতিবেদককে বলেন, তাঁদের বহুদূর থেকে আসতে হয়। এ কারণে কিছুটা দেরি হয়ে যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা বলেন, শিক্ষকেরা বিদ্যালয়ে নিয়মিত আসেন না। এলেও বিদ্যালয় ছুটি দিয়ে তাড়াতাড়ি চলে যান। ফলে এখানে পড়াশোনা ঠিকমতো হয় না।
লোগাঁও গ্রামের বাসিন্দা ও চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আরব আলী বলেন, ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের না পেয়ে বাড়ি ফিরে আসে। ঠিকমতো পাঠদান না হওয়ায় তারা পিছিয়ে পড়ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বলেন, বিষয়টি নিয়ে তাঁরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার অধীনে হওয়ায় তাঁরা এটি সম্পর্কে কোনো খোঁজখবর রাখেন না।
মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দাপ্তরিক কাজের সমস্যার কথা উল্লেখ করে তাঁরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনেক চিঠি চালাচালি করেছেন। হবিগঞ্জ ও মৌলভীবাজারে দুই জেলা প্রশাসক সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তাঁরাও একমত পোষণ করেছেন যে বিদ্যালয়টি হবিগঞ্জের অধীনে নেওয়া প্রয়োজন।