স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের ফটকে কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বংশালের ইউসেপ মাজেদ সরদার স্কুলের সামনের সড়ক দখল করে বসেছে অবৈধ কঁাচাবাজার l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার বংশালের ইউসেপ মাজেদ সরদার স্কুলের সামনের সড়ক দখল করে বসেছে অবৈধ কঁাচাবাজার l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার বংশালের ইউসেপ মাজেদ সরদার স্কুল ও নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনের সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ কাঁচাবাজার। স্কুলের দেয়ালঘেঁষা ডাস্টবিনে ফেলা হচ্ছে বাজারের শতাধিক দোকানের বর্জ্য। বাজারে আসা লোকজনের হইচই এবং পচা আবর্জনার দুর্গন্ধে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে।
বাজারের প্রতিটি দোকান থেকে দিনে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে ‘আশার আলো সমাজকল্যাণ সংগঠন’ নামে একটি ক্লাব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেন এই ক্লাবের সভাপতি।
স্কুলের শিক্ষার্থী ও মহল্লার বাসিন্দাদের অভিযোগ, প্রধান ফটকের সামনে দোকান বসায় স্কুলে আসা-যাওয়ায় প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত লেগে থাকে রিকশার জট। এই এলাকায় যাতায়াতের প্রধান যান রিকশা। এই স্কুলে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী প্রায় ৪৫০ জন।
কাউন্সিলর আউয়াল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সড়ক থেকে এসব দোকান উচ্ছেদ করেছিলাম৷ পরে মহল্লার কিছু গরিব ব্যবসায়ীর অনুরোধে সড়কে আবার দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে৷’ তিনি বলেন, ‘সড়কের দোকান থেকে টাকা ওঠানো নিয়ে মারামারি করেছিল মহল্লার কিছু বখাটে। তাই আমাদের ক্লাবের একজন প্রতিনিধির মাধ্যমে টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টাকা দিয়ে মহল্লার বিভিন্ন গরিব পরিবারকে সহযোগিতা করা হয়।’
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, মাজেদ সরদার কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইউসেপ স্কুলের পশ্চিম সীমানা পর্যন্ত সড়কের দুপাশে বসছে মাছ, মাংস, সবজি, কাপড়সহ প্রায় ১০০ অস্থায়ী দোকান। স্কুলের প্রধান ফটক বন্ধ। পকেট ফটক দিয়ে স্কুলে আসা-যাওয়া করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দোকানে কেনাকাটা করছেন মহল্লার বাসিন্দারা। বেলা দুইটার দিকে স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের দেয়ালঘেঁষা ডাস্টবিনে বাজারের বর্জ্য ফেলছেন দোকানিরা। বাতাসে স্কুলের শ্রেণিকক্ষ ও স্বাস্থ্যকেন্দ্রে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া সড়কে দোকানপাটের কারণে রিকশার জট লেগে আছে৷ আবর্জনা পড়ে সড়কের দুপাশে ড্রেনে জমে আছে ময়লা পানি।
স্কুলের প্রধান ফটক বন্ধ করে কাপড়ের দোকান বসিয়েছেন মামুন হোসেন। তিনি বলেন, ‘সবাই নিজের মতো করে দোকান বসাইছে। আমিও নেতাগো ১০০ টাকা দিয়া বইছি। বাচ্চাদের স্কুলে ঢুকতে কোনো সমস্যা হয় না।’
ইউসেপ মাজেদ সরদার স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলে, দীর্ঘদিন ধরে প্রধান ফটক বন্ধ করে দোকান বসছে। এতে স্কুলে ঢুকতে সমস্যা হয়। এ ছাড়া ডাস্টবিনে রাখা পচা মাছ-মাংস ও আবর্জনার দুর্গন্ধে ক্লাস করতে কষ্ট হয়।
স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া বলেন, এই বাজারের দোকান থেকে তোলা টাকার কোনো হিসাব পায় না মহল্লার সাধারণ মানুষ। খামাখা সড়কে বাজার বসানো হয়েছে। কমিউনিটি সেন্টারের সামনে থেকে সামান্য দূরেই আছে মিরনজল্লা বাজার।
ইউসেপ মাজেদ সরদার স্কুলের প্রধান শিক্ষক কাজী আফরোজা বেগম বলেন, স্কুলের সামনে বাজার থাকায় মানুষের ভিড় বেশি থাকে, সারা দিনই হইচই হয়। এতে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। স্কুলের সামনে থেকে বাজারটি উচ্ছেদ করতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে মৌখিকভাবে জানানো হয়েছিল।