স্কুল কর্তৃপক্ষের ভুলে আঁখির পরীক্ষা দেওয়া হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলের কারণে প্রবেশপত্র না পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি আঁখি আক্তার নামে এক শিক্ষার্থী। সে উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।জানা গেছে, আঁখি আক্তার এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা যথাসময়ে শিক্ষকদের কাছে জমা দেয়। কিন্তু প্রবেশপত্র বিতরণের দিন গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে সে জানতে পারে সব পরীক্ষার্থীর প্রবেশপত্র এলেও তারটি আসেনি। এ খবর শুনে আঁখি বিদ্যালয়েই অসুস্থ হয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, আঁখির গ্রামের বাড়ি উপজেলার হরিপুর গ্রামে। তার বাবার নাম আ. রাজ্জাক। তিনি ২০০৪ সালে মারা যান। একমাত্র ভাই হাবিবুর রহমানও মারা গেছেন কয়েক বছর আগে। তিন বোনের মধ্যে আঁখি সবার ছোট। মা জুবেদা খাতুনের কষ্টেসৃষ্টে জমানো টাকা থেকে সে এবারের এসএসসি পরীক্ষার নির্ধারিত ফি শিক্ষকদের কাছে জমা দেয়। কিন্তু প্রবেশপত্র না আসায় সে পরীক্ষায় অংশ নিতে পারছে না। আঁখি জানায়, ‘ফরম পূরণের জন্য মায়ের কষ্টের টাকা স্যারদের হাতে তুলে দিয়েছি। কিন্তু প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে পারলাম না। এতে আমার সব আশা শেষ হয়ে গেছে।’ আঁখির মা জুবেদা খাতুন বলেন, ‘অনেক কষ্ট কইরা মেয়েকে লেখাপড়া করাইছি। তাকে নিয়া আমার অনেক আশা ছিল। কিন্তু শিক্ষকদের ভুলের কারণে আমার মেয়ের আর পরীক্ষা দেওয়া হলো না।’ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম খান জানান, বিদ্যালয়ের ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে আঁখির প্রবেশপত্রটিও থাকার কথা। কিন্তু তা নেই। এর জন্য বোর্ডে লোক পাঠিয়েও কোনো সুরাহা হয়নি। ভুলবশত তার ফরমটি পূরণ করে বোর্ডেই পাঠানো হয়নি বলে ধারণা করা হচ্ছে।’রায়হানুল হক খান আরও বলেন, ‘এ ঘটনায় আঁখিদের বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে এসেছি। তার কাছ থেকে নেওয়া ফরম পূরণের টাকাও ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে আঁখির আগামী এক বছরের লেখাপড়ার যাবতীয় ব্যয়ও বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।’