স্কুল কর্তৃপক্ষের 'গোঁয়ার্তুমি', বিপাকে ৮ হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশ না মানায় বিপাকে পড়েছে প্রায় আট হাজার শিক্ষার্থী। ভর্তির নীতিমালা অমান্য করে বছরের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে চারটি বাংলা মাধ্যমের এবং দুটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তাদের অভিভাবকেরা।

এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ব্যক্তি এবং কিছু শিক্ষকের গোঁয়ার্তুমির কারণে ছেলেমেয়েদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন অভিভাবকেরা।

একাডেমিক স্বীকৃতি বাতিল করার নির্দেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাইস্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিই এমপিওভুক্ত নয়। এর অর্থ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকার থেকে বেতন পান না।

গতকাল বেলা একটায় নগরের জামালখান এলাকার চিটাগাং আইডিয়াল হাইস্কুলের আট শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা প্রথম আলোকে বলেন, বছরের মাঝামাঝি সময়ে এসে বিদ্যালয় বন্ধ হয়ে গেলে হুট করে বাচ্চাদের কোথায় ভর্তি করাবেন তা ভেবে পাচ্ছেন না। অতিরিক্ত অর্থ ফেরত দিলে এ ঝামেলার সৃষ্টি হতো না বলে জানান তাঁরা। গতকাল বেলা একটায় স্কুলটিতে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। অন্য শিক্ষকেরা এ ব্যাপারে কথা বলতে চাননি। প্রতিষ্ঠানটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়ে।

এর আগে দুপুর ১২টার দিকে বহদ্দারহাট এলাকার মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, সেখানে শ্রেণি কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে সাড়ে তিন শ শিক্ষার্থী পড়ে। স্কুল ভবনের বাইরে কথা হয় তৈয়বা বেগম নামের এক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি বাতিলের খবর পত্রিকায় দেখেছেন। এখন মেয়ের জন্য টেনশন হচ্ছে তাঁর।

‘বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০১৬’ অমান্য করে বাড়তি ফি নেওয়া চট্টগ্রাম নগরের আরও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে গত বৃহস্পতিবার ব্যাখ্যা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চিটাগাং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ।

এ বিষয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি সেনাবাহিনী পরিচালিত একটি সেবামূলক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। আর সরকারি নীতিমালাও কঠোরভাবে মেনে চলা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থে সরকারি আদেশ অনুযায়ীই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি নীতিমালার ১১ নম্বর ধারায় বলা হয়েছে, ভর্তির ফরম এবং ভর্তির ফি বাবদ সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, করলে সরকার এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নীতিমালার ১০(খ) ধারায় বলা হয়, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় সেশন চার্জসহ ভর্তির ফি তিন হাজার টাকার বেশি হবে না। কিন্তু ছয় শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ১ হাজার থেকে ১৪ হাজার টাকা আদায় করে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দেওয়া ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ এলিমেন্টরি স্কুল ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি নতুন ভর্তির জন্য ১৬ হাজার টাকা, অষ্টম শ্রেণিতে ১৬ হাজার ৯০০ টাকা এবং নবম ও দশম শ্রেণিতে ১৬ হাজার টাকা আদায় করে। মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয় ও চিটাগাং আইডিয়াল হাইস্কুল উন্নয়ন ফিসহ মোট সাড়ে ছয় হাজার টাকা নেয়। এর মধ্যে উন্নয়ন ফি ছিল তিন হাজার টাকা। ন্যাশনাল ইংলিশ স্কুল সেশন চার্জসহ নেয় ১১ হাজার টাকা। মেরন সান স্কুল অ্যান্ড কলেজ ছাড়পত্র নিতে সাড়ে পাঁচ হাজার টাকা নেয় এবং মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ভর্তির ক্ষেত্রে নেয় চার হাজার টাকা। ভর্তি নীতিমালা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটনের বাইরের এলাকায় উন্নয়ন ফি নেওয়ার সুযোগ নেই।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাড়তি ফি ফেরত অথবা সমন্বয় করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুদফা বৈঠক করে সময় বেঁধে দেওয়া হয়। দুবার ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সতর্ক করা হয়। কিন্তু তারা প্রশাসনের নির্দেশকে কোনো গুরুত্বই দেয়নি। বাড়তি ফি নেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছে, তা-ও ছিল দায়সারা। এককথায় বলা যায়, প্রতিষ্ঠানগুলো ‘গোঁয়ার্তুমি’ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের বিষয়ে মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা অধিকাংশ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া বাড়তি ফি সমন্বয় করেছেন। তারপরও একাডেমিক স্বীকৃতি কেন বাতিল হয়েছে তা বোধগম্য নয় তাঁর কাছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তাঁরা সরকারের কাছে আবেদন করবেন।

মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, এমপিওবিহীন প্রতিষ্ঠান হওয়ায় বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিতে হয়। একাডেমিক স্বীকৃতি বাতিলের ব্যাপারে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দেওয়ার পরও ছয়টি প্রতিষ্ঠান কীভাবে শ্রেণি কার্যক্রম চালাচ্ছে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম প্রথম আলোকে বলেন, একাডেমিক স্বীকৃতি বাতিলের চিঠি সোমবারের মধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে যাবে। এরপর থেকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম অবৈধ হয়ে পড়বে। শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে অভিভাবকদের সর্বোচ্চ সহযোগিতা করবে বোর্ড।