
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসায় ‘হাত’ না দিতে বলেছেন। হাত দিলে ‘ক্ষতি হবে’ বলে তিনি হুঁশিয়ারও করেছেন।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের ওলামা মাশায়েখ সম্মেলনে আহমদ শফী এই হুঁশিয়ারি উচ্চারণ দেন।
শফী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কওমি মাদ্রাসায় হাত দিলে ক্ষতি হবে। গুলি করলে প্রয়োজনে শহীদ হব। স্কুল-কলেজ নিয়ে থাকেন। ব্রিটিশ সরকারও কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়ে পারেনি।’
হেফাজতের কর্মীরা জঙ্গি নন, দাবি করে আহমদ শফী বলেন, ‘আমরা সরল মানুষ। দ্বীনের জন্য ইসলামের জন্য কাজ করছি। আমাদের হাতে কোনো অস্ত্র নেই। হাতিয়ার আছে শুধু দোয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। যাতে তিনি হেদায়েত হন।’
সম্মেলনে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি আদায় এবং কওমি মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষাদানের লক্ষ্যে সরকার গঠিত ‘কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’ বাস্তবায়ন প্রচেষ্টার প্রতিবাদে চার মাসের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে আছে কওমি শিক্ষা আইন পাসের চেষ্টার প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, ৩০ অক্টোবরে মধ্যে হেফাজতের সব জেলা ও ওয়ার্ড কমিটি গঠন, ১৩ দফা দাবিতে ১৫ থেকে ৩০ নভেম্বর বিভাগীয় শহরে সুধী সমাবেশ, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহাসম্মেলন। ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি সব জেলায় রেসালত সম্মেলন। এর মধ্যে দাবি না মানলে সচিবালয় ঘেরাও করে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। এ ছাড়া ৫ মের ঘটনায় ‘শহীদদের কবর জিয়ারত’ ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করে প্রয়োজনীয় তথ্য কেন্দ্রে পাঠানোর কথাও বলা হয়েছে।
হেফাজতের ১৩ দফার উল্লেখ করে আহমদ শফী বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে কিংবা নামাতে আমাদের এ আন্দোলন নয়। ক্ষমতায় এলে খালেদা জিয়াকেও এ দাবি মানতে হবে।’
হেফাজতকে অরাজনৈতিক সংগঠন দাবি করে শফী বলেন, ‘ভোট স্বাধীন মত। আওয়ামী লীগ, বিএনপি যাকে ইচ্ছা ভোট দিতে কোনো অপরাধ নেই। তবে ধর্মের ওপর কোনো জুলুম করা যাবে না। অনেকেই বলেন, হাসিনা-খালেদা হেফাজতকে ৭০ সিট দেবেন। সব মিথ্যা কথা।’
আহমদ শফী বলেন, ‘স্কুল-কলেজে দুই পক্ষে মারামারি করে। মাদ্রাসায় এ রকম কোন ঘটনা নেই। এখানে আদব শিক্ষা দেওয়া হয়। এতিম মিসকিনদের এনে এদিক ওদিক থেকে অর্থ সংগ্রহ করে খাওয়ানো, পরানো ও শিক্ষা দেওয়া হয়। সরকারের এসব কাজ আমরা করি। তার পরও সরকার কওমি শিক্ষা নিয়ে লেগে আছে।’
এদিকে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পাসের পদক্ষেপ বন্ধ, শাপলা চত্বরের ঘটনার বিচার বিভাগীয় সুষ্ঠুু তদন্ত, মুফতি ওয়াক্কাসসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, ১৩ দফা বাস্তবায়ন, সজীব ওয়াজেদের বক্তব্য প্রত্যাহার, কোরআন-সুন্নাহবিরোধী নারী নীতিমালার ধারাসমূহ বাতিলসহ আট দফা দাবি তুলে ধরে হেফাজতে ইসলাম।
শফীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের হেফাজতের নেতারা।
নাজিরহাট-খাগড়াছড়ি সড়কের আজম রোড দিয়ে দুই কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরোলেই বাবুনগর মাদ্রাসা। সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন আলেম ওলামারা। সকাল থেকে সম্মেলন শুরু হলেও দুপুরের পর থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে সম্মেলন। সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘সরকার শাপলা চত্বরে গুলি করে ভয় দেখিয়েছে। এবার কওমি মাদ্রাসা নিয়ে ভয় দেখাচ্ছে। কওমি মাদ্রাসা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হলে ধ্বংস হয়ে যাবে। আইন পাসে সরকার পিছু না হটলে লাখ লাখ লাশ পড়বে। রক্ত দিয়ে হলেও তৌহিদি জনতা তা প্রতিহত করবে। ব্রিটিশ সরকারও কওমি মাদ্রাসাকে প্রতিহত করার চেষ্টায় বিফল হয়েছিল। হাসিনার সরকারকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত।’ হেফাজতকে অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে। ৯০ ভাগ মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ থাকতে পারে না।’ ৫ মে শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুমতি দেওয়া হলেও আট থেকে নয়টা লাশ ফেলেছে সকাল ১০টার মধ্যে।’ হেফাজতের সংগ্রাম কেয়ামত পর্যন্ত জারি থাকবে উল্লেখ করে যে সরকার আসুক ১৩ দফা মানতে হবে বলে জুনায়েদ বাবুনগরী দাবি করেন। হেফাজতের কাজ ইমান রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আট দফা দাবি ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা ছলিম উল্লাহ। অসুস্থ থাকায় ওই সময় সেখানে ছিলেন না শাহ আহমদ শফী। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়েন তাঁর প্রেস সচিব মাওলানা মনির আহমদ।
সারা দেশের আলেম ওলামারা সম্মেলনে এলেও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহীকে দেখা যায়নি। এমনকি ২০১ সদস্য বিশিষ্ট শুরা কমিটি এবং ২৫ সদস্যের একটি উপকমিটিতেও তাঁকে রাখা হয়নি। বিষয়টি নিশ্চিত করেন হেফাজতের শুরা কমিটির সদস্য মাওলানা হারুন বিন ইজহার।